তৃতীয় লিঙ্গের শিল্পীদের নাচে মুগ্ধ কবরী

চলচ্চিত্র অভিনেত্রী কবরীকে ঘিরে ধরেছে তৃতীয় লিঙ্গের কয়েকজন। কেউ ছবি তুলছেন, কেউবা ছুঁয়ে দেখছেন। আবার কেউবা বরেণ্য এই অভিনেত্রীর বিভিন্ন সিনেমা সম্পর্কে নানা স্মৃতিকথা বলে চলছেন। প্রিয় অভিনেত্রীকে পেয়ে আরও কত কী যে আবদার তাঁদের। তৃতীয় লিঙ্গের মানুষগুলোর আবদার বেশ হাসিমুখে মেটাচ্ছেন চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী কবরী। আর তাঁদের নাচ দেখে ভীষণ মুগ্ধ তিনি। ঢাকার ধানমন্ডির ইমএমকে সেন্টারে আজ বৃহস্পতিবার দুপুরে এভাবেই পাওয়া গেল চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীকে।
‘রিইনকারনেট-২ রিজিওন্যাল আর্ট অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে’র দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন কবরী। তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনযাপন নিয়ে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ছবি প্রদর্শিত হয়। দিনব্যাপী চলতে থাকা উৎসবের দ্বিতীয় দিনে পূর্ণদৈর্ঘ্য সিনেমার পাশপাশি এসব দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দেখানো হয়। চলচ্চিত্র প্রদর্শন শুরুর আগে তৃতীয় লিঙ্গের কয়েকজন কবরীর অভিনীত চলচ্চিত্রের গান ‘সে যে কেন এলো না’ ও ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন। ওদের পরিবেশনা দেখে মুগ্ধ কবরী প্রথম আলোকে বলেন, ‘কত কষ্টের জীবন এদের। কত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে তারা চলছে। এত কিছুর পরও শিল্পচর্চার কাজটি কত সুন্দরভাবে করেছে! সত্যি অনেক বেশি মুগ্ধ করেছে আমায়।’
প্রধান অতিথির বক্তব্যে কবরী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে তৃতীয় লিঙ্গের মানুষেরা বিভিন্ন নামে পরিচিত। তৃতীয় লিঙ্গের শিশুদের বাবা-মায়ের সাহচর্য, পারিবারিকভাবে, সামাজিকভাবে ভালোবাসার খুব প্রয়োজন। এই জনগোষ্ঠীকে সরকারি, বেসরকারিভাবে লেখাপড়া শেখানো, কাজের মধ্য দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে দেশ ও জাতি উপকৃত হবে। কারণ তারা মোটেই অসুন্দর নয়, তারা আমাদের জীবনেরই একটা অংশ। শুধু ওদের আর আমাদের মধ্য রয়েছে সামান্য পার্থক্য।’
বক্তৃতা শেষে উপস্থিত সবার সঙ্গে বসে কবরী শ্রীলঙ্কার পরিচালক ভিসাকেস চন্দ্রাসেকারামের ‘ফ্রাঙ্গিপানি’ ছবিটি উপভোগ করেন। গতকাল বুধবার বিকেল চারটায় বেইলি রোডে মহিলা সমিতির মূল মিলনায়তনে আঞ্চলিক এই উৎসবের উদ্বোধন করা হয়। কাল শুক্রবার মহিলা সমিতি মিলনায়তনে তিন দিনের উৎসবের শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কবিরুল ইসলাম রতন পরিচালিত ‘চম্পাবতীর ঘাট’ নৃত্যনাট্য পরিবেশিত হয়।