তেল-জল-রেখায় শিল্পগুরুর অশেষ আলো
‘রেখার নানা রূপ ও ভঙ্গিও যে বিভিন্ন ভাবের দ্যোতক হয়ে ওঠে, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের চিত্রগুলো তারই প্রমাণ দেয়। তাঁর আঁকা রেখা কখনো কোমল, কখনো দৃঢ়, কখনো সতেজ-সংবেদনশীল, কখনো সূক্ষ্ম ও সরু, কখনো বা স্থূল ও স্ফীত, কখনো স্পন্দিত ও গতিময়, কখনো ঋজু কিংবা তীক্ষ শাণিত। শিল্পগুরুর চিত্রমালা শুধু রেখায় আবদ্ধ নয়। তাঁর রেখাভুবনে যুক্ত হয়েছে টোনাল ড্রয়িং, মিক্স মিডিয়া ড্রয়িং, ম্যুরাল ড্রয়িং ইত্যাদি। চারকোল ক্রেয়নের সাহায্যেই তিনি নানা রেখাচিত্রের তলে সৃষ্টি করেছেন উজ্জ্বলতর, হালকা-গাঢ় নানা পরত। বর্ণবিভাগত ভিন্নতা, বিন্যাসগত নানা বৈচিত্র্য, নানা ধরনের ছায়াময়তা ও পরিপ্রেক্ষিতের ধারণা।’গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে ‘শিল্পের অশেষ আলো’র দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী মুস্তাফা মনোয়ার তাঁর ছবি নিয়ে এসব কথা বলেন। ১৪ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পগুরুর পত্নী আঞ্জুমান আরা আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বলেন, ‘ছাত্রাবস্থা থেকেই শিল্পীর স্বীকৃতি পেয়েছিলেন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ। রেখা, জলরং ও তেলরং—প্রতিটি ক্ষেত্রেই তাঁর উপলব্ধি অসামান্য। শিল্পগুরুর সব ছবিতেই স্পষ্ট বা অস্পষ্টভাবে বিষয়বস্তুর উপস্থিতি লক্ষযোগ্য। যেন তাঁর প্রতিটি ছবিই কথা বলে।’ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) সহযোগিতায় আয়োজিত দ্বিতীয় পর্বের এ প্রদর্শনীতে সফিউদ্দীন আহমেদের তেলরং, জলরং ও মিশ্র মাধ্যম মিলিয়ে মোট ৬৩টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার ও বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী। ২৩ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।