তেলরঙ-কাঠকয়লায় আঁকিয়ের প্রথম একক

শিল্পী মুর্তজা বশীরের মুখে শুনেছিলেন ‘গভীরতম বেদনার মধুরতম প্রকাশই হলো শিল্প’। কথাটি ভালো লেগেছিল চিত্রকলার শিক্ষার্থী পারভেজ হাসানের। তাঁর গভীরতম বেদনা প্রকাশের পথ হয়তো তাতে সুগম হয়েছিল। তাঁর আঁকা নিরীক্ষামূলক কিছু চিত্রকর্ম নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে আজ বিকেলে শুরু হয়েছে প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য হরাইজন’। এটি পারভেজের প্রথম একক চিত্র প্রদর্শনী।

চারুকলায় পড়াকালীন আত্মপ্রতিকৃতির ওপর তিনি এঁকেছিলেন ‘ফ্রিডম অব সোল’ ও ‘দ্য ইল্যুসিভ হ্যাপিনেস’ সিরিজের কিছু ছবি। এমএফএ প্রথম পর্বে পড়াকালীন আঁকেন অবয়বনির্ভর ‘অ্যাগোনি অব ইন্টেলেক্ট কনফ্লিক্ট’ সিরিজ। সেসবে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন যন্ত্রের আধিপত্যে আবেগ হারিয়ে ফেলাকে। এরও পরে অবয়ব নিয়ে কাজ করেছেন তিনি। এঁকেছেন ‘ক্যাপটিভ্ সোল’, ‘ইম্মরটালিটি’ ও ‘দ্য বিউটিফুল কার্স’ সিরিজের আরও বেশ কিছু ছবি। ‘দ্য হোমো স্যপিয়্যান্স’ নামেও কিছু ছবি এঁকেছেন তিনি।

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাসের সভাপতিত্বে আজ পারভেজ হাসানের প্রদর্শনীর উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য চিত্রশিল্পী সমরজিৎ রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবুল বারক্ আলভী, জামাল আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত মোহাম্মদ ইজ্জাত। প্রদর্শনীর ২০টি চিত্রকর্মে আঁকা আছে বিশ্বব্রহ্মান্ডের সঙ্গে মানবজাতির সম্পর্কের অন্বেষণ।

পারভেজ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ থেকে বিএফএ ও এমএফএ ডিগ্রি নিয়েছেন। কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তেলরঙ ও কাঠকয়লা মাধ্যমে। পারভেজের প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তাঁর ছবিগুলো দেখে আসতে চিত্রকলায় আগ্রহীরা।
