তৈরি হচ্ছে ‘নজরুল আর্কাইভ’
জাতীয় কবি নজরুল ইসলামের নানা কিছু নিয়ে ‘নজরুল আর্কাইভ’ তৈরির কাজ শুরু করেছে নজরুল ইনস্টিটিউট। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে এই আর্কাইভ। এই আর্কাইভের পরিকল্পনার সঙ্গে যুক্ত আছেন নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। তিনি জানান, এই আর্কাইভে থাকবে নজরুলের হাতের লেখা পাণ্ডুলিপি, বইয়ের প্রথম সংস্করণ, নজরুলের গানের আদি গ্রামোফোন রেকর্ড, নজরুলের হাতের লেখা চিঠি, নজরুলের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র, নজরুলকে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখা, আলোকচিত্র, দেশে ও বিদেশে নজরুলচর্চার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কথা, নজরুলসংগীতের শিল্পীদের প্রয়োজনীয় সব তথ্য, নজরুল এবং নজরুল-সাহিত্য নিয়ে রচিত বিভিন্ন বইয়ের তালিকা, নজরুলের গান, কবিতা, গল্প, উপন্যাসসহ নানা কিছু। স্ট্যালিন বলেন, ‘আগামী জানুয়ারি মাসে আর্কাইভটি গবেষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে।’