তোতলাদের পাশে দাঁড়ালেন কলিন ফার্থ
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কিং’স স্পিচ’ ছবিতে তোতলা রাজা ষষ্ঠ জর্জের চরিত্রে অনবদ্য অভিনয় করে অস্কার পেয়েছিলেন ব্রিটিশ চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনেতা কলিন ফার্থ। এবারে বাকপ্রতিবন্ধী তোতলাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ৫২ বছর বয়সী এ তারকা। সম্প্রতি লন্ডনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে কলিন ফার্থের নাম ঘোষণা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদ এডওয়ার্ড মাইকেল বলস। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘অ্যাকশন ফর স্ট্যামারিং চিলড্রেনের ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের জন্য রাজি হয়েছেন কলিন ফার্থ।’ জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।এডওয়ার্ড আরও বলেন, ‘তোতলাদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সচেতনতা সৃষ্টিতে কাজ করবেন কলিন ফার্থ। নিঃসন্দেহে তাঁর সম্পৃক্ততা দাতব্য প্রতিষ্ঠানটির তহবিল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’প্রখ্যাত ব্রিটিশ কৌতুক অভিনেতা ও টিভি সঞ্চালক মাইকেল পলিনের হাত ধরে অ্যাকশন ফর স্ট্যামারিং চিলড্রেনের যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সালে।