তোপের মুখে ম্যাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসের অলিম্পিয়া ভেন্যুতে গত ২৭ জুলাই দর্শক-শ্রোতা জড়ো হয়েছিল ম্যাডোনাজাদুতে মাততে। টিকিট কিনেছিল একেকজন ১৯৫ ডলার দিয়ে। কিন্তু কনসার্ট শেষে সবার অভিযোগ, ৪৫ মিনিটের কনসার্টে আধা ঘণ্টা গান গেয়ে বাকিটা সময় রাজনীতি নিয়ে প্যাঁচাল পেড়েছেন ম্যাডোনা। একপর্যায়ে উত্তেজিত হয়ে টিকিটের টাকাও ফেরত চায় ক্ষুব্ধ শ্রোতারা। ম্যাডোনাও খেপে যান এই আচরণে। উল্লেখ্য, এ মাসের শুরুতেই কনসার্টে স্বস্তিকা চিহ্ন ব্যবহার করে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট পার্টির বিষোদগার হজম করেছিলেন ম্যাডোনা। মামলার হুমকিও পেয়েছিলেন তখন। বিষয়টি নিয়ে প্রচারমাধ্যমের সামনে মুখ খুললেন এই তারকা, ‘কাউকে শত্রু বানানোর ইচ্ছা নেই আমার। সহনশীলতার কথাই বলতে চেয়েছি। তাই পরবর্তী সময় কারও দিকে দোষী সাব্যস্ত করে আঙুল তোলার আগে নিজের দিকেই আঙুল তুলুন।’ ব্যাং শোবিজ।