তোমরা আমাকে ভুলিয়ো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিশা
তিশা

‘নায়ক’ বলতে আমি যা বুঝি—যেসব অভিনেতার সঙ্গে কাজ করি বা করেছি, তাঁরাই আমার নায়ক। হ্যাঁ, নায়কই, তবে পর্দার। প্রথমেই বলে রাখি, ‘নায়ক’ শব্দটি নিয়ে আমার খানিকটা আপত্তি আছে। নায়কের পরিবর্তে সবাইকে সহ-অভিনেতা বলতে চাই। এই জীবনে এতজনের বিপরীতে অভিনয় করেছি, সবার কথা বলতে গেলে রজনী ফুরিয়ে যাবে, কাগজেও কুলাবে না। এই তালিকায় আবুল হায়াত, হুমায়ুন ফরীদি, আলী যাকের, তারিক আনাম খান যেমন আছেন, তেমনি আছেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ থেকে শুরু করে পরের প্রজন্মের মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, সজল, রওনক হাসান...আরও কত নাম! সব মিলিয়ে বলা চলে, আমি হলাম পটেটো পর্যায়ের, সবখানেই লাগি। যখন যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের সঙ্গে পর পর একাধিক নাটকে কাজ করা হয়েছে। বিষয়টি বড়ই অদ্ভুত! আমার নায়কদের কথা যদি বলি, পয়লা বলতে হবে বয়োজ্যেষ্ঠ নায়কদের কথা। তাঁদের সঙ্গে কাজ করে শিখেছি ধৈর্য। পেয়েছি অভিনয়ের শিক্ষা। যে তীব্র ইচ্ছাশক্তি দরকার সু-অভিনয়শিল্পী হওয়ার জন্য, সেটি অর্জন করতে চেষ্টা করেছি এসব ‘লিজেন্ড’ অভিনেতাদের সঙ্গে কাজ করে। আর জাহিদ ভাই, তৌকীর ভাই, মাহফুজ ভাই—এই প্রজন্মের অভিনেতাদের কাছ থেকে পেয়েছি সহযোগিতার মনোভাব। কাজের ক্ষেত্রে তাঁরা সবাই সহশিল্পীকে সহযোগিতা করেন। তাঁদের নায়কোচিত মুখশ্রী ভুলি কেমনে! এ ছাড়া মোশাররফ ভাই, চঞ্চল ভাই, সজল, অপূর্ব—যাঁদের কথাই বলি, আমার নায়ক হিসেবে তাঁরা প্রত্যেকেই দুর্দান্ত। কী, বিশ্বাস হচ্ছে না, তাই না? তাহলে শুনুন, এই প্রজন্মের নায়কদের সঙ্গে আমার সম্পর্ক এমনই প্রাণবন্ত যে ‘দশে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ’। আমার নায়কেরা সবাই-ই আমাকে অভিনেত্রী হতে সাহায্য করেছেন। তাই সবশেষে বলি, হে মোর নায়ককুল, তোমরা আমাকে ভুলিও না, তোমাদিগকে সালাম!