‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা
আর কতকাল ভাসতে হবে রক্তগঙ্গায়’—
হলুদ পোশাক পরে আবৃত্তি করছিলেন একদল তরুণ-তরুণী। আধো আলো আর আধো অন্ধকার মঞ্চ, কবিতার মেজাজের সঙ্গে মিল রেখে নেপথ্যে চলছে বাদ্যযন্ত্র। ওদের কণ্ঠ বেদনায় ভারাক্রান্ত। বেদনা লিখে রেখে গেছেন স্বয়ং কবি শামসুর রাহমান। দেশের নানা ক্রান্তিকাল কিংবা অর্জনে যাঁর কলম সরব ছিল সবচেয়ে বেশি, তিনি সেই কবি। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা, স্বাধীনতা থেকে বঙ্গবন্ধু হত্যা, আর সেখান থেকে আজকের বাংলাদেশ। মৌলবাদের থাবা, রক্তপাত, সংগ্রাম—কিছুই বাদ যায়নি।
শামসুর রাহমানের কবিতা থেকে নেওয়া ইতিহাসের এই উপাদানগুলো নিয়ে আয়োজন করা হয়েছিল আবৃত্তি প্রযোজনা ‘কৃষ্ণপক্ষে পূর্ণিমা’।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আবৃত্তির আয়োজন করেছিল মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র।
আবৃত্তি অনুষ্ঠানের গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন মাহমুদা সিদ্দিকা।