তোমাদের জন্য চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে ১৯ থেকে ২৫ জানুয়ারি ঢাকাসহ দেশের সব কটি বিভাগীয় শহরে একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ষষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ’। এবারের উৎসবে সারা দেশে মোট ২২টি ভেন্যুতে ৪২টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।ঢাকায় মূল উৎসবকেন্দ্র হিসেবে ব্যবহূত হবে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর ও শওকত ওসমান মিলনায়তন। এ ছাড়া ঢাকায় মোট সাতটি, চট্টগ্রামে সাতটি, রাজশাহীতে চারটি এবং রংপুর, খুলনা, সিলেট ও বরিশালে একটি করে ভেন্যু থাকবে। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন বেলা ১১টা, দুইটা, বিকেল চারটা ও সন্ধ্যা সাতটায় মোট চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। উৎসবের সব প্রদর্শনী শিশুদের জন্য উন্মুক্ত।শিশুদের জন্য উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগটি হচ্ছে বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এই বিভাগে এবার শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে আমাদের নির্বাচকমণ্ডলী ৬০টি ছবিকে প্রদর্শনের জন্য মনোনীত করেছেন। এসব ছবি থেকে পাঁচটি ছবি পাবে পুরস্কার।ঢাকার উৎসবে এবারও সারা দেশ থেকে ১২৫ জন শিশু প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।এবারের উৎসবে ছয়জন বিদেশি অতিথিও অংশ নিচ্ছেন। তাঁরা হচ্ছেন: ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত, কানাডার চলচ্চিত্রকার ন্যান্সি ট্রিটস বটকিন ও প্রযোজক মার্ক শেকটার, সিঙ্গাপুরের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও সংগঠক ফিলিপ চিয়াহ, যুক্তরাজ্যের ড্যানিয়েল স্মিথ এবং ইতালির চলচ্চিত্র নির্মাতা গিউসেপ ক্যারিয়েরি।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে ১৯ জানুয়ারি, দুটি পর্বে। প্রথম পর্বটি হবে বিকেল চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি চত্বরে। যেখানে থাকবে উদ্বোধনী সংগীত, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন ওড়ানো ইত্যাদি। বিকেল সোয়া চারটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে, যাবে বাংলা একাডেমী পর্যন্ত। বিকেল পৌনে পাঁচটায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে বাংলা একাডেমীর নবনির্মিত আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এখানে থাকবে শুভেচ্ছা বক্তব্য, প্রদীপ প্রজ্বালন ও চলচ্চিত্র প্রদর্শনী।