
মানুষ বদলায় খুব তাড়াতাড়ি। বুয়েটে চার বছর মনিরের দোকানে পাঁচ টাকার চা খেয়েছি। অথচ সাবওয়ে থেকে নেমে গেলব্রিথ সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনে যেতে এখন টিম হরটনের এক কাপ কফি খাওয়া চাই। টরন্টো শহরে এসে টিম হরটনের পেছনে ছুটলেও কেন যেন মনিরের দোকানের সেই চাকে খুব মিস করি। আসার সময়ে বিমানবন্দরে আম্মা আর ছোট বোন এমনভাবে চোখের পানি ফেলছিল যে নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছিল। ইমিগ্রেশনে যাওয়ার সময় দেখি, আমার ‘আয়রনম্যান’ বাবাও চোখের পানি ফেলছেন। একটা প্রশ্নই শুধু মাথায় ঘুরছিল, বেঁচে থাকার জন্য একটা পিএইচডি ডিগ্রি কি খুব দরকার? আমি টরন্টো আসার মাস খানেক আগ থেকেই আম্মা তালিকা করে বিভিন্ন খাবার খাওয়ানো শুরু করল। ফালুদা, রুপচাঁদা মাছ, গলদা চিংড়ি, সরষে ইলিশ আরও কত কী! তাঁর মনে ক্ষীণ সন্দেহ ছিল, বিদেশে গেলে হয়তো ছেলে খাওয়া-দাওয়ায় খুব কষ্ট পাবে। আর আব্বার কথা আর কী বলব! সুই সুতা থেকে শুরু করে মসলা পর্যন্ত সবকিছুর একটা বিশাল তালিকা বানিয়ে ফেললেন। প্রতি সপ্তাহের ছুটির দুই দিনে রোজা রেখে এইগুলো কিনতে কিনতে ক্লান্ত হয়ে বাসায় ফিরতেন। আব্বা সারা জীবন বলেছেন, ‘আমি সেদিনের অপেক্ষাতে থাকব, যেদিন আমার ছেলে আমাকে বাজার করে খাওয়াবে।’ মুখে এই কথা বললেও কোনো দিন ছেলেকে বাজারে পাঠাননি। তাঁর মনে আতঙ্ক ছিল যে ছেলে জীবনে একা একা ঢাকা-কুমিল্লা যায়নি, সে কীভাবে ২৭ ঘণ্টা আকাশপথে ভ্রমণ করবে! তবে দিন বদলে গেছে। এখন বাজার করা থেকে শুরু করে রান্না, কাপড় ধোয়া, পড়ালেখা সব নিজেকেই করতে হয়। আম্মা প্রতিদিন চার-পাঁচবার ফোন করেন। তাঁর ফোনে আমার ঘুম ভাঙে। খেয়েছি নাকি, গরম কাপড় নিয়েছি নাকি এ ছাড়া তাঁর আরও কত চিন্তা। একুশ তলাতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন খুব নিঃসঙ্গ লাগে। অবাক বিস্ময়ে দেখি কীভাবে ছুটে চলে এই শহর। আম্মা ফোন করলে খুব কষ্টে চোখের পানি চেপে রাখি। মনে মনে বলি, আপনার দোয়ায় ভালো আছি, মা।
মো. সামি হাসনাইন
গবেষক, ইউনিভার্সিটি অব টরন্টো, কানাডা।