তোমার সৃষ্টির পথ
‘প্রেমের যেমন একটা গুণ আছে, তার কাছে জগতের মহা মহা ঘটনাও তুচ্ছ মনে হয়, এখানকার আকাশের মধ্যে তেমনি যে-একটা ভাব ব্যাপ্ত আছে তার কাছে কলকাতার দৌড়ঝাপ হাঁস্ফাস্ ধড়্ফফড়ানি ঘড়্ঘড়ানি ভারি ছোটো এবং অত্যন্ত সুদূর মনে হয়। চার দিক থেকে আকাশ আলো বাতাস এবং গান এরকম মিলিতভাবে এসে আমাকে অত্যন্ত লঘু করে আপনাদের সঙ্গে মিশিয়ে ফেলেছে।’ছিন্নপত্র-এর এই কথাগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯২ সালের জুলাই মাসে শিলাইদহ থেকে লিখেছিলেন। কবির সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশনের তিন দিনব্যাপী ‘তোমার সৃষ্টির পথ’ নামের অনুষ্ঠানমালার প্রথম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এটি পাঠ করেন আবৃত্তি শিল্পী হাসান আরিফ। বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিন্নপত্র পাঠ ছাড়াও ছিল সংগীত পরিবেশনা। গান শোনান শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহিম হোসেন চৌধুরী, লিলি ইসলাম ও শামা রহমান। অনুষ্ঠানে শাহজাদপুর, শিলাইদহ ও পতিসরে রচিত কবির গানগুলো পরিবেশিত হয়। শিল্পীরা ‘আজ ঝড়ের রাতে’, ‘তুমি সন্ধ্যার মেঘমালা’, ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে’, ‘আমার এই পথ চাওয়াতেই আনন্দ’, ‘তুমি নব নব রূপে’—এসব গান গেয়ে শোনান। এ ছাড়া গগন হরকরার ‘আমি কোথায় পাব তারে’ পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়। কবি এই গানের সুরে অনুপ্রাণিত হয়ে যে গানটির সুরারোপ করেছিলেন সেটিই এখন আমাদের জাতীয় সংগীত। আজ শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্রনাথের নাটকের গান পরিবেশন করবেন সাদি মহম্মদ, মিতা হক, লাইসা আহমেদ ও নন্দিতা ইয়াসমিন।