তোরা হন্ হন্ যাবি আঁর সাম্পানে
বাঁশখালী মইশখালীপাল উড়াইয়া দিলেসাম্পান গুরগুরাই টানেআয় তোরা হন্ হন্ যাবিআঁর সাম্পানেকর্ণফুলীর মাঝি আঁইনিইয়ম ভাটি-উজানে।কথা, সুর ও শিল্পী—সঞ্জিত আচার্যপালে কী রং লাগাইল রে মাঝিসাম্পানে কী রং লাগাইলশঙ্খ খালর সাম্পানওয়ালা আঁরেপাগল বানাইল।কথা ও সুর—কবিয়াল ইয়াকুব আলীশিল্পী—শেফালী ঘোষএখনো কি গুরগুরাই টানে কর্ণফুলীর সাম্পান? পালে রং লাগিয়ে নারীর মনেও রং ছড়ান শঙ্খ খালের মাঝি? না, কর্ণফুলী বা শঙ্খে এখন আর শোনা যায় না সাম্পান চলার সেই অতি চেনা সুর ‘ক্যাঁ কোরত, ক্যাঁ কোরত’। এখন নদী দাপিয়ে বেড়ায় ইঞ্জিনের নৌকা।এখন সেই সাম্পান নেই, নেই সেই সাম্পানওয়ালাও। কিন্তু আছে সাম্পান মাঝির গান, সে গান এখনো পাগল করে চাটগাঁর মানুষকে।কর্ণফুলীর পরানের দোস্ত সাম্পানওয়ালা বা সাম্পানের মাঝি। সংগীতজ্ঞ মোহন লাল দাশ সেই মাঝির রূপের বর্ণনা দিয়েছেন এভাবে, ‘সাম্পানওয়ালার বাবরি চুল/ হরি নিল জাতের কুল/ সে বিনা মোর পরান বাঁচে না।’এই বাবরি চুলের সাম্পান মাঝি কত নারীর মন চুরি করেছে, আর কত নারীর কান্নার জলে বেড়েছে কর্ণফুলীর জল, সে কথা বলেছেন মোহন গানে গানে সুরে সুরে, ‘ও রে সাম্পানওয়ালা/ তুই আমারে করলি দেওয়ানা।’চট্টগ্রামের লোকসংস্কৃতির এক বড় ঐতিহ্য নদী, খাল ও সাম্পান মাঝি নিয়ে রচিত গান। বিশেষ করে কর্ণফুলী নদী, শঙ্খ খাল ও সাম্পান মাঝি নিয়ে রচিত হয়েছে অসংখ্য আঞ্চলিক গান। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, বিরহ-মিলনের কত স্মৃতি জড়িয়ে আছে চট্টগ্রাম জেলার কর্ণফুলী ও শঙ্খ এবং কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালীকে ঘিরে। এসব নদীর মাঝিরা সাম্পানে পাল তুলে দিয়ে গাইতেন আঞ্চলিক গান। গলা ছেড়ে দিয়ে গাইতেন বলে এ গানের আরেক নাম ‘হালদা ফাডা গান’। এ গানের বড় অংশই রচিত হয়েছে নর-নারীর প্রেম-বিরহ নিয়ে।সাম্পান মাঝি নিয়ে জনপ্রিয় গানগুলোর বেশির ভাগ লিখেছেন মোহাম্মদ নাসির, অচিন্ত্য কুমার চক্রবর্তী, মোহন লাল দাশ, কবিয়াল ইয়াকুব আলী, এম এন আখতার, আবদুল গফুর হালী, সঞ্জিত আচার্য, সৈয়দ মহিউদ্দিনের মতো সংগীতজ্ঞ। শেফালী ঘোষ, কল্যাণী ঘোষ, সঞ্জিত আচার্য, কান্তা নন্দী, বুলবুল আক্তারসহ নাম না জানা অনেক শিল্পীর কণ্ঠে জনপ্রিয় হয়েছে এ গান। আবদুল গফুর হালীর কুশল্যা পাহাড়, গুলবাহার, সঞ্জিত আচার্যের সাম্পানওয়ালাসহ অনেক নাটকে উঠে এসেছে সাম্পানের মাঝিদের জীবনের কথকতা।অচিন্ত্য কুমারের লেখা ‘সূর্য ওডের লে ভাই লাল মারি/ রইস্যা বন্ধু ছাড়ি গেলগই আঁর বুকত শেল মারি’ গানটি গেয়েই তো আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন আঞ্চলিক গানের সম্রাজ্ঞী শেফালী ঘোষ। যে গানে বিরহী নারীর আকুতি ‘শঙ্খ খালর কূলর উয়র/ রইস্যা বন্ধুর ঘর/ লাগত পাইলে কইও তারে/ (মোর) পরানর খবর/ নিদয়া বন্ধের জ্বালায় রে/ পরান আমার যায় ছাড়ি।’মোহাম্মদ নাসির গেয়েছেন, ‘চাঁদমুখে মধুর হাসি/ দেবাইল্যা বানাইলরে মোরে/ সাম্পানর মাঝি।’ নদী পার হতে গিয়ে ঘাটের পয়সার জন্য আটকে গেছেন কুল নারী। আসলে তিনি ধরা পড়েছেন মাঝির প্রেমের ফাঁদে। গানের একটি অন্তরা বলে তেমনটাই, ‘কুতুবদিয়ার দক্ষিণ পারে/ সাম্পানওয়ালার ঘর/ লাল বঅটা-গান দিয়ে রে তুলি/ সাম্পানর ওয়র/ বাহার মারি যারগৈ সাম্পান/ ন মানের উজান ভাটি।’সাম্পান মাঝি নিয়ে অসাধারণ গানগুলো কীভাবে লেখা হলো? এমন প্রশ্নের উত্তরে আবদুল গফুর হালী একটি গল্প বললেন। শুনুন সে গল্প, ‘আজ থেকে ৪০ বছর আগেও আমার গ্রাম পটিয়ার রশিদাবাদ থেকে চট্টগ্রাম শহরে আসার একমাত্র মাধ্যম ছিল সাম্পান। সন্ধ্যায় শঙ্খ খালের ঘাটে গিয়ে সাম্পানে উঠতাম, চানখালী খাল দিয়ে মধ্যরাতে সাম্পান পৌঁছাত পটিয়ার ঈন্দ্রপুলে। সেখানে যাত্রাবিরতি। বাড়ি থেকে আনা “ভাতের মোচা” খুলতাম আমরা। খাওয়ার পর আবার রওনা হতাম। সকালে চাটগাঁ শহরের সদরঘাটে পৌঁছাত সাম্পান। তখন তো গাড়ি ছিল না। সাম্পান ছিল মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’ স্বাভাবিকভাবে সাম্পান ও সাম্পান মাঝি নিয়ে গান ও নাটক লেখা হয়েছে অসংখ্য। গফুর হালীর জনপ্রিয় একটি গান, ‘তুই মুখ্কা গইরলা হালা/ যদি আঁরে লাগে ভালা/ শঙ্খ খালর মাঝি/ আঁই তোঁয়ার লগে রাজি।’আঞ্চলিক গানের আরেক প্রবীণ গীতিকার, সুরকার ও শিল্পী এম এন আখতারের কথায়ও একই সুর, ‘ছোটবেলায় রাউজানের গ্রামের বাড়ি মোহাম্মদপুর থেকে শহরে আসতাম সাম্পানে চড়ে, কর্ণফুলী নদী দিয়ে। ১৯৭১ সালে সাম্পান নিয়ে প্রথম গান লেখেন, ‘ক্যাঁ কোরত, ক্যাঁ কোরত/ সাম্পানঅলা ক্যাঁ কোরত/ ক্যানে যাইয়ম বরবুরত।’সত্তরের দশকে চট্টগ্রামের সাম্পানওয়ালা গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল। সঞ্জিত আচার্যের আঞ্চলিক নাটক সাম্পানওয়ালা চলচ্চিত্রে রূপ দিয়েছিলেন সত্য সাহা। ১৯৭৭ সালে সে ছবি মুক্তি পায়। এতে অভিনয় করেছিলেন চট্টগ্রামের মেয়ে চিত্রনায়িকা শাবানা। নায়ক ছিলেন আলমগীর। ওই ছবির সব গানের কথা ও সুর সঞ্জিত আচার্যের। কণ্ঠ দিয়েছিলেন সঞ্জিত ও কান্তা নন্দী। ‘কী গান মাঝি হুলাইল/ কী বাঁশি মাঝি বাজাইল/ কর্ণফুলীর সাম্পানওয়ালা/ আঁর মন হরি নিল’, ‘বাঁশখালী মইশখালী’ কিংবা ‘ও রে কর্ণফুলী রে, সাক্ষী রাখিলাম তোরে’ গানগুলো সেদিন মাত করেছিল গোটা দেশ।সাম্পানওয়ালার গানে প্রেম-বিরহ যেমন উঠে এসেছে, তেমনি গীত হয়েছে সাম্পানের কান্ডারির শৌর্য-বীর্যের কথাও। মোহন লাল দাশের গানে, ‘বাহার মারি যারগই সাম্পান/ ক্ষেণে ভাটি ক্ষেণে উজান/ ঝড় তুফানে পরোয়া করে না।’কক্সবাজার এলাকার মাতামুহুরী ও বাঁকখালী নদী ও নদীর মাঝি নিয়ে লেখা হয়েছে অনেক গান। এম এ রশিদ কাওয়াল, আহমেদ কবির আজাদ ও সিরাজুল ইসলাম আজাদের গানগুলো দারুণ জনপ্রিয় এ অঞ্চলে। আহমেদ কবিরের একটি গান ‘কক্সবাজার দইজ্যার চর/ তার উয়রদি পার/ দইজ্যার কূলত সাম্পান চলে/ হত গম গম লার।’লোকশিল্পী বুলবুল আক্তারের কণ্ঠে ‘বাঁকখালীর মাঝি অভাই সোনা দিয়া বাসা/ মুখখান হালা গইরজ্য কিল্লাই/ হনে দিল আশারে/ ও রে বাঁকখালীর মাঝি রে’ গানটি তো দারুণ জনপ্রিয় ওই এলাকায়। এ গান ছাড়া ওই এলাকায় উত্সব-পার্বণ হয় না।সাম্পান ও সাম্পান মাঝির গান বাঁচিয়ে রাখতে এখনই উদ্যোগ নেওয়ার দাবি জানালেন শিল্পী সঞ্জিত আচার্য। তাঁর কথা, ‘আমাদের অহংকার আঞ্চলিক ভাষার এসব গান বাঁচিয়ে রাখতে হবে। এখন অমর গানগুলো কিন্তু বিকৃত করে গাইছেন তারকা শিল্পীরা। এটা আঞ্চলিক গানের জন্য অশনিসংকেত।’