তৌকীর ও বিপাশার চিত্র গ্যালারি
তৌকীর আহমেদ অভিনয় আর পরিচালনা করেন। বিপাশা হায়াত অভিনয়ের পাশাপাশি নাটক লেখেন, উপস্থাপনা করেন। এর বাইরে তাঁদের আরও পরিচয় আছে—তৌকীর একজন স্থপতি আর বিপাশা চিত্রশিল্পী। গত বছরের এই ডিসেম্বর মাসেই ঢাকার কাছে গাজীপুরের রাজেন্দ্রপুরে যাত্রা শুরু করেছিল তাঁদের রিসোর্ট ও কনফারেন্স সেন্টার ‘নক্ষত্রবাড়ি’। এবার এক বছর পূর্তিতে এ নক্ষত্রবাড়িতে যুক্ত হচ্ছে ছবির গ্যালারি। তৌকীর আর বিপাশা এর নাম দিয়েছেন ‘গ্যালারি সানফ্লাওয়ার’। গ্যালারির উদ্বোধন হবে ১২ ডিসেম্বর দুপুরে। এর আগে ১০ ডিসেম্বর থেকে এ নক্ষত্রবাড়িতে আয়োজন করা হয়েছে আর্ট ক্যাম্প। ক্যাম্পে অংশ নেবেন দেশের প্রথম সারির ২০ জন শিল্পী। এ আর্ট ক্যাম্পে তাঁদের আঁকা ছবি দিয়ে উদ্বোধন করা হবে গ্যালারির।তৌকীর বলেন, ‘আমাদের স্বপ্ন, নক্ষত্রবাড়ি হবে একটি শৈল্পিক ও নান্দনিক কেন্দ্র। সেভাবেই আমরা কাজ করছি। সারা বছরই এ গ্যালারিতে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।’বিপাশা হায়াত বলেন, ‘নক্ষত্রবাড়ির উদ্বোধনের সময়ও আমরা একটি আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনীর আয়োজন করেছিলাম। এবারও করছি। দেশের বরেণ্য শিল্পীরা আমাদের সহযোগিতা করছেন। তাঁদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। নক্ষত্রবাড়িতে যাঁরা বেড়াতে আসবেন, তাঁরা এ গ্যালারিতে সময় কাটাতে পারবেন।’