তৌকীর-বিপাশার নক্ষত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক আগেই রাজেন্দ্রপুরে ২৫ বিঘা জমি কিনেছিলেন তৌকীর ও বিপাশা। সেখানে প্রথমে একটি বাংলো করেছিলেন। তারপর মাছ চাষ, আবার কখনো নিজেদের শুটিং। আস্তে আস্তে এটি একটি শুটিং স্পট হয়ে ওঠে। পাশাপাশি বাংলোটি নিজেরা ব্যবহার করেছেন তাঁরা দুজনেই। অবসরটা কাটাতে মাঝেমধ্যে তৌকীর-বিপাশা দম্পতি ছুটে যেতেন। এবার সেই বাংলো বদলে যাচ্ছে। দুজনে মিলে সেখানে তৈরি করছেন একটি কনভেনশন সেন্টার এবং ১০টি কটেজ নিয়ে একটি রিসোর্ট। এখানে থাকবে একটি রেস্তোরাঁ ও সুইমিং পুল। তৌকীর বললেন, ‘আমরা ভালো মানের একটি রিসোর্ট ও কনভেনশন সেন্টার করতে যাচ্ছি। এটি বাণিজ্যিকভাবেই সবাই ব্যবহার করতে পারবেন। এরই মধ্যে নকশাও প্রায় চূড়ান্ত হয়ে গেছে। দ্রুত সেখানে নির্মাণশ্রমিকেরা কাজ শুরু করবেন।’বিপাশা বললেন, ‘আসলে মানুষ খুব ভালোভাবে কোথাও গিয়ে দু-চার দিন থাকতে পারে, এমনই একটি স্থান আমাদের নক্ষত্র। যেখানে নাগরিক জীবনের কোনো কোলাহল নেই। নেই গাড়ির শব্দ। আছে শুধুই পাখির ডাক। আমরা পৃথিবীর অনেক দেশেই গিয়েছি এবং রিসোর্ট দেখেছি। সেই অভিজ্ঞতা থেকেই একটি ভালো রিসোর্ট ও কনভেনশন সেন্টার করতে যাচ্ছি।’বিপাশা জানিয়েছেন, এখানে যে কটেজগুলো থাকবে তার প্রতিটির সঙ্গে একটি করে ছোট্ট রান্নাঘর থাকবে। সঙ্গে থাকবে রুম সার্ভিস।বিপাশা বললেন, ‘আমরা এমনভাবেই নক্ষত্রকে সাজাতে যাচ্ছি, যা সবার কাছেই অনেক আকর্ষণীয় মনে হবে।’