তৌকীরের নাটক দিয়ে বিরতি ভাঙলেন আবুল হায়াত
করোনার কারণে ঘর থেকে একেবারেই বের হননি অভিনেতা আবুল হায়াত। এ সময় অনুরোধে যে কয়টি নাটক আর সচেতনতামূলক বিজ্ঞাপনচিত্রের শুটিং করেছেন, সবই ঘরে বসে। এ কাজে তাঁর ক্যামেরা চালানোর কাজটি করতে হয়েছিল সহধর্মিণী শিরিন হায়াতকে। পাঁচ মাস পর ঘরের বাইরে শুটিং করতে গেলেন তিনি। তা-ও আবার ঢাকার বাইরে রাজেন্দ্রপুর এলাকার নক্ষত্রবাড়ি রিসোর্টে। টানা দুই দিন শুটিং করে আপাতত নিজের অংশের কাজ শেষ করেছেন তিনি। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন নাটকটির পরিচালক তৌকীর আহমেদ।
এদিকে শুটিং শেষে বাসায় ফিরে আবুল হায়াত ফেসবুকে একটি পোস্ট দেন। তাতে লেখা ছিল, ‘আর পারা গেল না। দীর্ঘ পাঁচ মাস পর নামলাম মাঠে। তৌকীরের “রুপালি জ্যোৎস্নায়”।’
এরই মধ্যে নাটকটির প্রচার চ্যানেল আইয়ে শুরু হয়েছে। তৌকীর ২৩ আগস্ট সন্তানদের নিয়ে কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিতে যাচ্ছেন। তার আগে ৪০ পর্ব পর্যন্ত শুটিং শেষ করে যেতে চান। সে কারণে শিল্পীদের শিডিউল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শেষ করছেন।
শুটিংয়ের জন্য আবুল হায়াতকে কেউ ঘরের বাইরে এখনো নিতে পারেরনি। তৌকীর আহমেদের নাটক দিয়ে বিরতি ভাঙলেন। তৌকীর বললেন, ‘আমার মনে হয়েছে, এখানে কাজের পরিবেশটা ভালো। সবাই তাই আশ্বস্ত হয়েছেন। তা ছাড়া এটা ধারাবাহিক, প্রচারও শুরু হয়েছে, শিল্পীদের দায়িত্ববোধের ব্যাপারটিও ছিল। এমনকি অভিনয়শিল্পীদের সবাই নাটকটি পছন্দ করেছেন।’
কয়েক মাস পর শুটিংয়ে নেমে আবুল হায়াত বলেন, ‘সবচেয়ে বড় ক্ষতি হলো, সক্ষম শরীরে অকর্মণ্য হয়ে বসে থাকা। এ ক্ষতি সত্যিই পূরণ হওয়ার নয়।’