তৌকীরের নাটকের বই
তৌকীর আহমেদ প্রথম নাটকের বই প্রকাশ করেন গত বছর, বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায়। বইটির নাম প্রতিসরণ। এবার বেরিয়েছে দ্বিতীয়টি। নাম ইচ্ছামৃত্যু। তৌকীর বললেন, ‘২০০২ সালে আমি ছিলাম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে। তখন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের জীবনসংগ্রাম নিয়ে মঞ্চের জন্য এই ইচ্ছামৃত্যু নাটকটি লিখেছিলাম। নাটকটি তখন মঞ্চস্থ করেছিল বাংলাদেশ থিয়েটার অব আমেরিকা নামের একটি নাটকের সংগঠন। এখনো তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় নাটকটির প্রদর্শনী করে। এবার সেই নাটকটি বই আকারে প্রকাশ করেছি।’ নাটকের বই প্রকাশের ব্যাপারে তিনি বলেন, ‘মঞ্চনাটকের পাণ্ডুলিপির খুবই অভাব। বইটি প্রকাশের মাধ্যমে একদিকে যেমন নাটকটি সংরক্ষিত হবে, অন্যদিকে তা নাট্যকর্মীদেরও কাজে লাগবে। নাটকের বইয়ের কিন্তু অনেক পাঠকও আছেন।’ইচ্ছামৃত্যু বইটি প্রকাশ করেছে শব্দশিল্প।