তৌকীরের সিনেমা-কাহিনি

ঘরজুড়ে বিভিন্ন শিল্পীর বেশ কয়েকটি আঁকা ছবি। জানালার পর্দা ভেদ করে হেমন্তের মিহি রোদ ধীরে ধীরে যতক্ষণে আচ্ছন্ন করেছে আমাদের, তার আগেই আলাপের একপ্রস্থ শেষ। একজন ক্যাডেট কলেজশিক্ষার্থীর অভিনয়শিল্পী থেকে ‘জনপ্রিয় অভিনেতা’ হয়ে ওঠার খুঁটিনাটি গল্প ততক্ষণে আমাদের জানা। সে গল্প এখানে নয়। তাঁর কাছে আমরা শুনতে চাই তাঁর চলচ্চিত্র-ভাবনা এবং চলচ্চিত্র পরিচালক হয়ে ওঠার কাহিনি। তো, সে আখ্যানও যখন শোনা হলো, সবশেষে তাঁর মুখের একটি কথা কেন যেন গেঁথে গেল মনে, ‘একজন চলচ্চিত্র পরিচালকের ব্যর্থ হওয়ার স্বাধীনতাও তো থাকতে হবে।’
২৪ নভেম্বর সকালবেলা মহাখালীর ‘নক্ষত্রবাড়ি’-তে তাঁর অফিসে কেন এই কথা বললেন তৌকীর আহমেদ? আমাদের মনে পড়ে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তৌকীরের চতুর্থ চলচ্চিত্র অজ্ঞাতনামা দেশে-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। মুক্তির পরপর ছবিটি অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ইতালিসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে। এর মধ্যেই ২০১৭ সালে অস্কারে ‘বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র’ বিভাগে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে পেয়েছে মনোনয়ন। আর ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমা নিয়ে ২২তম কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে মাত্রই দেশে ফিরেছেন তিনি। সেখানকার দর্শকেরা ছবিটিকে বেশ ভালোভাবেই নিয়েছেন। এমন মধুর অভিজ্ঞতার পর এখন পরিচালকের মুখে এ কী কথা!
নিজেই কারণ ব্যাখ্যা করলেন তৌকীর। অজ্ঞাতনামা দেখার পর অনেকেই তাঁকে বলেছেন, সামনে তো আপনার জন্য বিপদ অপেক্ষা করছে, পরিচালক হিসেবে অজ্ঞাতনামায় যে পরিমিতিবোধের পরিচয় দিয়েছেন, পরের সিনেমায় কী করবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বলেছিলেন ‘ব্যর্থ হওয়ার স্বাধীনতা’র প্রসঙ্গটি।
হিরো ইমেজ থেকে বেরিয়ে
তবে সেই জয়যাত্রা থেকে অজ্ঞাতনামা—এই দীর্ঘ যাত্রায় তৌকীর মোটেই ব্যর্থ নন। দিনে দিনে পরিচালক হিসেবে গড়েছেন নিজস্ব আদল। আর পরিচালক হওয়ার জন্য তাঁর হাত মকশো করার কালও সুদীর্ঘ। শুরুটা হয়েছিল টেলিভিশন নাটক নাইওরী ও উত্তরপুরুষ দিয়ে। এর আগে অবশ্য ২০০২ সালে নিউইয়র্ক ফিল্ম একাডেমি থেকে চলচ্চিত্রের ওপর প্রশিক্ষণ নিয়েছেন।
‘তবু বাধা ছিল, বরাবরই আমার পথ ছিল বন্ধুর।’ কথাটি বলে নিজের চেয়ারটায় হেলান দিলেন তৌকীর, যেন কথা শেষ, কিছুই বলার নেই আর। আমাদের তবু অপেক্ষা তৌকীরের পরের কথার, ‘টেলিভিশনে দর্শক তো দীর্ঘদিন আমাকে রোমান্টিক নায়ক হিসেবে দেখেছেন। এর ভালো-মন্দ দুটোই আছে। একটি ঘটনা বলি, একদিন রাস্তায় একা একা হাঁটছি, হঠাৎ একজন এসে বললেন, আপনি হিরো মানুষ, আপনি এভাবে হাঁটবেন কেন? এ রকম ঘটনা আমার সিনেমার শুটিংয়ের সময়েও ঘটে। অন্যদের সিনেমার শুটিংয়ে মানুষ আসেন পাত্রপাত্রীকে দেখতে আর আমার সিনেমায় পাত্রপাত্রীদের সঙ্গে সঙ্গে দর্শক আমাকে দেখেন। ভিড় জমে যায়। এতে শুটিংয়ে খানিকটা বিপত্তিও ঘটে। কিন্তু উপায় কী!’
ইমেজই তবে প্রধান বাধা? প্রশ্নটি করতে করতে চোখ আটকে গেল তৌকীরের পেছনে থাকা বিপাশা হায়াতের আঁকা হলুদ ফুলের চিত্রকর্মে।
‘পরিচালক হব বলে অনেক আগ থেকেই অভিনয় কমিয়ে দিয়েছি। নিজের ব্যবসাও গুটিয়েছি কিছুটা। ভাঙতে চেষ্টা করেছি “হিরো” ইমেজ।’
‘হিরো’ তৌকীরের মন যে এখন পুরোপুরি সিনেমার করতলে, আলাপে আলাপে সে কথা জানতে আর বাকি নেই। কিন্তু বাকি থাকে কিছু টুকরো টুকরো কথা।
অতঃপর কথা...
: আপনার পরিচালিত চারটি ছবির মধ্যে একটি বাদে বাকিগুলোর কাহিনি গড়ে উঠেছে প্রান্তিক মানুষকে নিয়ে। যেমন, অজ্ঞাতনামার কেন্দ্রে রয়েছে প্রবাসী শ্রমিকেরা। আর হালদা নামে পরবর্তী যে সিনেমার প্রথম অংশের শুটিং শেষ করলেন কিছুদিন আগে, তার কেন্দ্রেও আছে নদীতীরবর্তী মৎস্যজীবী প্রান্তজন। প্রান্তিক মানুষের প্রতি আপনার এই পক্ষপাত কেন?
: আমি বিশ্বাস করি, এই কৃষিজীবী, মৎস্যজীবী খেটে খাওয়া মানুষজনই বাংলাদেশ। তাঁদের গল্পের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের নিজস্ব আখ্যান।
: বাংলাদেশের দর্শক কীভাবে গ্রহণ করেছেন ছবিটিকে?
: যাঁরা দেখেছেন, তাঁরা মুগ্ধ হয়েছেন। তবে আমাদের দেশের সিনেমা হলগুলো তো একটি চক্রের হাতে বন্দী। পরিচালক হিসেবে আমি ‘ফমুর্লা ফিল্মে’ বিশ্বাসী নই। আমার কাছে সিনেমার সংজ্ঞা হলো ভালো ছবি ও মন্দ ছবি।
এবং ভিন্ন পথে
তৌকীর কথা বলেন, নিজের জীবনের কয়েকটি পর্বের গল্প। এর মধ্যে তাঁর সিনেমা জীবনের গল্পগুলোই এখন উজ্জ্বল উপস্থাপনায় ঝলমলে। বেলা বেড়ে দুপুর, পরিচালক তৌকীর বলছেন তাঁর স্বপ্নের বৃত্তান্ত, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ দেশের নানা স্থানে বিকল্প ব্যবস্থায় অজ্ঞাতনামার প্রদর্শনী করছি। কদিন আগেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং রাজবাড়ীর পাংশায় ছবিটি দেখিয়েছি। বাংলাদেশের গণমাধ্যমে ছবিটির তেমন কোনো আলোচনা-সমালোচনা হয়নি। কিন্তু আশার কথা হলো, মানুষ এখন ছবিটি দেখতে চাইছে। তাই ভিন্ন পন্থায় হলেও সিনেমাটি নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাই।’