তৌসিফের সুরে সামিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ প্রজন্মের তরুণ প্রতিভাবান সংগীতশিল্পী তৌসিফের সুরে গান গাইলেন আরেক গুণী শিল্পী সামিনা চৌধুরী। দুজনেরই এটি প্রথম কাজ। তৌসিফের সুরে সামিনা চৌধুরীর এ গান একটি মিশ্র অ্যালবামের জন্য।সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে টফি রেনারের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এ সময় সংগীতশিল্পী তৌসিফসহ প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। ‘হিট অ্যালবাম থ্রি’ শিরোনামের এই অ্যালবামে দুটি গানের সুর করেছেন তৌসিফ। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির কথা হচ্ছে, ‘জলে জলে ভেসে, শেওলাটা এসে, ভিড়েছে পুকুর পাড়ে/রাত শেষে আমি, তাই জলে নামি, স্বপ্ন কড়া নাড়ে।’ গানটির সুর ও সংগীতের কাজ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। এবার কণ্ঠ দেওয়ার কাজটাও শেষ হলো। সামিনা চৌধুরীর জন্য সুর করা প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘ছোটবেলা থেকেই সামিনা আপুর গান শুনে আসছি। যখন থেকেই গানের সঙ্গে নিজেকে যুক্ত করেছি, তখন থেকেই স্বপ্ন ছিল তাঁর সঙ্গে কাজ করার। অবশেষে সেটা সত্যি হলো।’ সামিনা চৌধুরী বলেন, ‘তৌসিফের একটি গান আমি শুনেছি। গানের কথা যেমন ভালো লাগার মতো ঠিক তেমনি সুরটাও আমার ভালো লেগেছে। রেকর্ডিং শেষ করার পর মনে হয়েছে অনেকদিন পর ভালোলাগার মতো একটি গান করেছি। নতুন হিসেবে সে বেশ ভালোই করছে। আশা করছি আমার জন্য করা এ গানটিও বেশ ভালো হবে।’উল্লেখ্য, এর আগে জি-সিরিজ থেকে ‘দ্য হিট অ্যালবাম’ ও ‘দ্য হিট অ্যালবাম টু’ বাজারে এসেছিল। এই দুটি অ্যালবামের ধারাবাহিকতায় এবার ‘দ্য হিট অ্যালবাম থ্রি’ বাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে ।