তৌসিফের ‘অনিদ্রা’ মুঠোফোনে
হাবিব ওয়াহিদের পর এবার মুঠোফোনে মুক্তি পেয়েছে তৌসিফের নতুন অ্যালবাম অনিদ্রা। পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে শ্রোতারা অ্যালবামটি সিডি আকারে পাবেন। গতকাল শুক্রবার থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা মুঠোফোন থেকে ৪৮৭৮ নম্বরে ডায়াল করে শুনতে পারছেন তৌসিফের নতুন অ্যালবামের পাঁচটি গান। গানগুলোর শিরোনাম ‘এক পা দু পা’, ‘দেখা হবে’, ‘নয়নে বরষা’, ‘নেই পাশে’ এবং ‘ভালোবাসি তোমাকে’। তৌসিফ বলেন, অ্যালবামের প্রচারণার জন্য এবং পাইরেসি রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। অনিদ্রা অ্যালবামে গান আছে ১০টি। দুটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান।অ্যালবামের গানের কথা লিখেছেন এস এ হক অলীক, রবিউল ইসলাম, আরফিন আহমেদ, তানভীর আহমেদ, সাদাফ ও মমিনুল ইসলাম। সব কটি গানের সুর করেছেন তৌসিফ নিজেই। এ ছাড়া ইংরেজি একটি গানের কথা লিখেছেন তিনি।অডিও সিডি আকারে অ্যালবামটি বাজারজাত করবে অগ্নিবীণা।