ত্বকীর স্মরণে আঁকল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত প্রদর্শনীতে তুলিতে আঁকা ত্বকীর ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করছে এক শিশু l প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত প্রদর্শনীতে তুলিতে আঁকা ত্বকীর ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করছে এক শিশু l প্রথম আলো

ত্বকী নামের এক উজ্জ্বল কিশোর ছিল। ভালো কবিতা লিখত সে। সেসব কবিতার শব্দচয়ন ছিল চমৎকার, বিষয়বস্তুতে ছিল বেঁচে থাকার আকাঙ্ক্ষা; আর চলে গেলে আরও ভালো মানুষ হয়ে আবারও ফিরে আসার প্রত্যাশা। কোনো কারণ ছাড়াই এই কিশোরকে হত্যা করে চিহ্নিত দুর্বৃত্তরা। ২০১৩ সালের ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এই কিশোরের ২০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’। প্রতিযোগিতায় সারা দেশ থেকে জমা পড়েছিল শিশুদের আঁকা ১ হাজার ২০০ ছবি এবং ৩০০ রচনা। সেগুলো থেকে বাছাইকৃত ছবি নিয়ে গতকাল শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে শুরু হয়েছে প্রদর্শনী। বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
ত্বকীর স্মরণে ও শিশুহত্যা বন্ধের প্রতিবাদে ছবি ও লেখা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ অক্টোবর। বিষয়বস্তু—‘শিশুহত্যা বন্ধ কর’। গতকালের প্রদর্শনীতে তিনটি বিভাগে শিশুদের আঁকা ৬০টি ছবি প্রদর্শিত হয়। উদ্বোধনের পর শিশুরা ও তাদের অভিভাবকেরা প্রতিযোগীদের ছবিগুলো ঘুরে দেখে। নির্বাচিত ছবি ও রচনাগুলো নিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করেন আয়োজকেরা।
প্রদর্শনী উদ্বোধনের পর জাদুঘর প্রাঙ্গণে ছিল আলোচনা। ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে এতে অংশ নেন ভাষাসৈনিক আহমদ রফিক, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য হালিম আজাদ এবং ত্বকীর মা রওনক রেহানা।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ত্বকীকে মনে পড়লেই অপরাধবোধ চেপে ধরে। তাকে আমরা বাঁচাতে পারিনি। চিহ্নিত হওয়ার পরও তার ঘাতকদের আমরা বিচারের আওতায় আনতে পারিনি। পুরো সমাজের কাছে আমরা অপরাধী।’
মুস্তাফা মনোয়ার বলেন, ‘ত্বকীর স্মরণে যে শিশুরা এঁকেছে, তারা জাগ্রত শিশু। তাদের আঁকায় রয়েছে প্রতিবাদের রং। আয়োজকদের উদ্যোগ সার্থক হয়েছে।’
আলোচনা অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী ৯০ শিশুকে পুরস্কার দেওয়া হয়। এদের ভেতর লেখা ও ছবির জন্য তিন বিভাগ থেকে মোট ছয়জনকে প্রথমবারের মতো দেওয়া হয় ত্বকী পদক। রচনা প্রতিযোগিতায় ক বিভাগ থেকে দেবস্মিতা পাল, খ বিভাগ থেকে সুদীপ্ত চক্রবর্তী, গ বিভাগ থেকে ফৌজিয়া আখতার ত্বকী পদক পায়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে পদক পায় মো. শাহরিয়ার আলম, খ বিভাগ থেকে নাহিয়ান মাঈশা এবং গ বিভাগ থেকে মো. মিনহাজুল আবেদীন।
ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘শিশু-কিশোর নির্যাতন ও হত্যার বিরুদ্ধে শিশু-কিশোর, তাঁদের অভিভাবক ও দেশবাসী যাতে সোচ্চার হয়, সে জন্যই এই পদকের প্রবর্তন করা হলো।’