ত্যক্ত-বিরক্ত ক্যাটরিনা!

ক্যাটরিনার চোখে-মুখে এখন রাগ আর একরাশ বিরক্তি। রণবীরের সঙ্গে অভিসারের তথ্য ফাঁস হয়ে পড়েছে, ক্যারিয়ারে সুদিন ফুরিয়ে আসছে। সব ভেবে কি টালমাটাল হয়ে পড়েছেন বলিউডের এ অভিনেত্রী? ক্যাটরিনা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁর সাম্প্রতিক ভাবভঙ্গিতেই ফুটে উঠছে তা।
উটকো ফোনকল
উটকো ফোনকলের যন্ত্রণায় রয়েছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি লন্ডন থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর মুঠোফোনে কথা বলার সময় ক্যাটরিনার ভাবভঙ্গি ছিল ত্যক্ত-বিরক্ত হওয়ার মতো। মুঠোফোনে কেউ তাঁকে বিরক্ত করছে বলেই ধারণা করছেন ক্যাটরিনার ঘনিষ্ঠজনেরা। মুম্বাইভিত্তিক অনলাইন পোর্টাল মিডডে এ তথ্য জানিয়েছে।
বিয়ে নিয়ে দ্বিধায়
এদিকে, ক্যাটরিনার বর্তমান ত্যক্ত-বিরক্ত জীবনযাপনের আরেকটি কারণ খুঁজে বের করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। তারা বলেছে, বর্তমানে রণবীরের সঙ্গে বিয়ের বিষয়টি নিয়ে দ্বিধায় আছেন ক্যাটরিনা। এ দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এক খবরে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, শিগগিরই বাগদান সেরে ফেলবেন তাঁরা। তবে রণবীরের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে পারছে না।
ক্যাটরিনা বলেছেন, ‘মানুষ ক্যারিয়ার নিয়ে হয়তো ভেবেচিন্তে পরিকল্পনা করতে পারে, কিন্তু বিয়ে নিয়ে নয়। বিয়ে দুজন মিলে সিদ্ধান্ত নিতে হয়। আমি সিরিয়াস হলেও আরেকজন হয়তো কোথাও ঘুরতে যাওয়ার বা দুই বছর চাঁদে যাওয়ার পরিকল্পনা করছে!’
বিয়ে নিয়ে ভাবনার কারণে হয়তো ক্যাটরিনা কোনো কিছুতেই মনোযোগ বসাতে পারছেন না।

ক্যারিয়ার ভাবনা
এদিকে, ভারতের চলচ্চিত্রবোদ্ধারা ক্যাটরিনার চলচ্চিত্র-ক্যারিয়ার বেশি দূর দেখছেন না। ২০১৪-১৫ সালের মধ্যেই ক্যাটরিনার আর দু-একটি ছবি ব্যবসাসফল হতে পারে, যার মধ্যে রয়েছে ‘ধুম ৩’, ‘ব্যাং ব্যাং’। ক্যারিয়ারের উন্নতির সম্ভাবনা কম দেখছেন অনেকেই। আইটেম গান আর কয়েকটি মাঝারি মানের চলচ্চিত্রে প্রস্তাব পেলেও ক্যাটরিনার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এ নিয়ে ‘বলিউডলাইফ’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ভেঙে গেছে সালমান-ক্যাট সুসম্পর্ক
ক্যাটরিনা কাইফকে ‘বিজনেসওম্যান’ হিসেবেই চিহ্নিত করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউডলাইফ। ব্যবসাসফল চলচ্চিত্রে কাজ করার জন্য তিনি সালমান খানের সঙ্গে ‘এক থা টাইগার’-এ কাজ করেছেন। শাহরুখের সঙ্গে করেছেন ‘জব তক হ্যায় জান’। এবার অভিনয় করছেন আমির খানের সঙ্গে। তবে সালমানের সঙ্গে ক্যাটরিনার যে ঘনিষ্ঠতা ছিল তা ক্রমেই কমে আসছে। রণবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় সালমানের কাছ থেকে দূরে সরে আসতে হয়েছে ক্যাটরিনাকে। সম্পর্কের টানাপোড়েনই হয়তো ক্যাটকে ত্যক্ত-বিরক্ত করে তুলছে।