মঞ্চে যাঁরা নিয়মিত অভিনয় করেন, তাঁদের কাছে একটা ভালো নাটক কিংবা একটা ভালো চরিত্রে অভিনয়ের ব্যাপারে নিজের মধ্যে সব সময়ই একটা আগ্রহ কাজ করে আলাদাভাবেই। দীর্ঘদিন ধরে মঞ্চে কাজের মধ্যে স্বপ্ন দেখেন, স্বপ্নের নাট্যকারের নাটক বা স্বপ্নের চরিত্রে কাজের জন্য। আর তা যদি রবীন্দ্রনাথের নাটক হয়, তাহলে তো কোনো কথাই নেই। মঞ্চে অভিনয় করবেন আর রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করা হবে না, তা কি হয়! আর এ ধরনের সুযোগ এলে তা কোনো অভিনেতা-অভিনেত্রী হাতছাড়া করতে চান না। এবার মঞ্চের গুণী অভিনেত্রী ত্রপা মজুমদারের বেলাতে তাই-ই হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে প্রথম অভিনয়ের সুযোগ হয়েই গেল তাঁর। অভিনয় করলেন মুক্তধারা নাটকে। থিয়েটারের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ নূপুর। নাটকটিতে অভিনয় করে ত্রপার কী অনুভূতি? ‘এর আগে মঞ্চে একাধিক নাটকে অভিনয় করেছি, কিন্তু কখনো রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করা হয়নি। আমি মনে করি, মঞ্চে যাঁরা কাজ করেন, তাঁদের আলাদা একটা স্বপ্নই থেকে যায় রবীন্দ্রনাথের নাটকে অভিনয় করার। এবার সুযোগটা হয়ে গেল। ভালো লাগছে।’ বলছিলেন ত্রপা মজুমদার। নাটকটির অম্বা চরিত্রে অভিনয় করছেন তিনি। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন, নাটকটিতে চরিত্রের উপস্থিতি, সংলাপ দুটোই কম। তবে চরিত্রটির প্রভাব পুরো নাটকেই। নাটকটির গল্পে পুরো পৃথিবীর প্রকৃতিমাতাকে উপস্থাপন করা হয়, যা অম্বা চরিত্রের আহ্বানের মধ্য দিয়েই বিষয়টি নাটকে উঠে আসে।’ ইতিমধ্যে মুক্তধারা নাটকটির দুটো প্রদর্শনী হয়েছে।