ত্রপার নির্দেশনায় ‘বারামখানা’
মঞ্চে নির্দেশনা দিচ্ছেন ত্রপা। নাটকের নাম বারামখানা। লিখেছেন পান্থ শাহরিয়ার। এরই মধ্যে নাটকটির মহড়া শুরু হয়েছে। ত্রপা জানান, ‘নির্দেশনার অভিজ্ঞতার কথা যদি বলেন, সেটা আমার প্রায় শূন্যের কোঠায়। বারামখানা একটি বড় ক্যানভাসের নাটক। তাই চ্যালেঞ্জের বিষয়টিও প্রবল। বর্তমানে বিভিন্ন নাট্যদল নানা আঙ্গিকের কাজ করছে। এই নাটকে আমরা সংগীতের ব্যবহারকে গুরুত্ব দিচ্ছি।’পান্থ শাহরিয়ার বলেন, ‘টিভির জন্য অনেক নাটক লিখেছি। কিন্তু মঞ্চের জন্য এবারই প্রথম লিখলাম। বারামখানা নাটকটি লেখার আগে লালনকে নিয়ে গবেষণার একটা ব্যাপার তো ছিলই। তা ছাড়া আমরা কুষ্টিয়া গিয়েছি। সেখানে থেকেছি। আখড়ার মানুষজনের সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। এই নাটকে আমি দেখাতে চেয়েছি, একজন সাধারণ লালন ধীরে ধীরে নানান দর্শন তৈরির মধ্য দিয়ে অমর লালন হয়ে ওঠেন। তাঁর গানের মধ্য দিয়ে সেসব দর্শন প্রকাশ পায়। এই ব্যাপারটিই নাটকে আনা হয়েছে।’বারামখানা নাটকে অভিনয় করছেন রামেন্দু মজুমদার, মারুফ কবির, তানজুম আরা, সেতানুল ইসলাম শাহী, পরেশ আচার্য প্রমুখ। বারামখানা থিয়েটারের ৪১তম প্রযোজনা। নাটকটি তৈরি হবে প্রসেনিয়াম আঙ্গিকে। আর এটি মঞ্চে আসবে মাস দুয়েকের মধ্যেই।