ত্রপার ‘মুক্তি’ অতঃপর ‘বারামখানা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রেক্ষাপট লালন। লালন দর্শনকে কেন্দ্র করেই গল্প। তবে লালনের সূত্র ধরে গল্পে আমাদের এখানকার মাজার সংস্কৃতি কীভাবে চলছে তা দেখা যাবে।’ বলছিলেন ত্রপা মজুমদার। এটি থিয়েটারের নতুন নাটকের গল্প। নাটকটির নাম রাখা হয়েছে বারামখানা। আর নির্দেশনার কাজটি ত্রপাই করছেন। লিখেছেন পান্থ শাহরিয়ার। নাটকটি হবে থিয়েটারের ৪১তম প্রযোজনা। ত্রপা বললেন, ‘অনেক দিন থেকেই নাটকটির ভাবনা ছিল। দলের সিদ্ধান্তও ছিল এমন একটি গল্প নিয়ে নাটক মঞ্চে আনা হবে। কিন্তু গল্পটি লেখা হয়ে আসতে একটু দেরি হয়েছে। তাই আরও আগে কাজটি শুরু করার কথা থাকলেও ১৫ দিন হলো কাজটি শুরু করেছি।’ তাহলে কবে নাগাদ নাটকটি মঞ্চে আনার পরিকল্পনা করছেন? ‘নাটকটির কাজ তো সবে শুরু হলো। এবং নাটকটিতে দলের নতুন-পুরোনো মিলে কাজটি করছি। একটু সময় তো লাগবেই। বর্তমান পাণ্ডুলিপি পড়া পর্যায়ে আছে। তবে আশা করছি, মাস চারেকের মধ্যেই কাজটি মঞ্চে আনতে পারব।’ ত্রপা মজুমদার এর আগে এককভাবে মুক্তি নাটকটির নির্দেশনা দিয়েছেন। তাও প্রায় ২০০৫ সালের কথা। তারও বেশ আগে যৌথভাবে মারুফ কবির, জগলুল আলমের সঙ্গে ছয় বেহারার পালকি নাটকটির নির্দেশনা দিয়েছেন। সে ক্ষেত্রে নতুন নাটকের নির্দেশনায় আসতে দীর্ঘ সময় নিলেন কি? ত্রপা সহজ-সরলভাবেই বলে গেলেন, ‘নির্দেশনা দিতে আমার ভীষণ ভয় হয়। এখনো ভয় পাচ্ছি। বিষয়টি এড়িয়ে চলতেই পছন্দ করি। এবার দলের সিদ্ধান্তেই কাজটি করছি। তবে একা না, দলের সবার সহযোগিতা নিয়ে সাহস সঞ্চয় করে কাজটি করছি।’ লালন নামটির মর্মই বড় এবং গভীরের বিষয়। সেই লালনকে নিয়েই কাজ করছেন। সে ক্ষেত্রে নিজের প্রস্তুতি কেমন? ত্রপা বললেন, ‘আমি নির্দেশনায় ভয় পাই বিধায় প্রথম কাজ মুক্তি করেছি মাত্র চারটি চরিত্র নিয়ে, ছোট ক্যানভাসে। মুক্তি থেকে এই নাটকের ভিন্নতা আছে। বারামখানা নাটকটি অনেক বড় ক্যানভাসে আসবে। সে ক্ষেত্রে কাজটি এগিয়ে নিতে দল আমাকে সহযোগিতা করছে। দলের সবাই আমাকে নাটকটির জন্য প্রস্তুতি নিতে সহযোগিতা করছেন। এবং নিজেকে সেভাবেই তৈরি করছি। আশা করছি কাজটি ভালোভাবেই করতে পারব।’