ত্রাণ বিতরণ ও জন্মদিন উদ্যাপনে সীমাবদ্ধ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত সেপ্টেম্বরে ডিরেক্টরস গি​ল্ড ঘটা করে পালন করেছিল মুস্তাফা মনোয়ারের জন্মদিন l ছবি: সংগৃহীত
গত সেপ্টেম্বরে ডিরেক্টরস গি​ল্ড ঘটা করে পালন করেছিল মুস্তাফা মনোয়ারের জন্মদিন l ছবি: সংগৃহীত

গত ২২ জুলাই নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নতুন কমিটি। সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে নির্মাতা গাজী রাকায়েত ও এস এ হক অলিক। এরই মধ্যে এই কমিটি পার করেছে তিন মাস। এত দিনে তাদের কার্যক্রম কী ছিল? নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বা ইশতেহার কি মাথায় রেখে এগিয়ে যাচ্ছে কমিটি?
তিন মাসের কার্যক্রমের বিষয়ে আলাদাভাবে জানতে চাওয়া হয়েছিল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। দুজনই জানালেন ২২ আগস্ট জামালপুরে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও ১ সেপ্টেম্বর সংগঠনের প্রথম সভাপতি মুস্তাফা মনোয়ারের জন্মদিন ঘটা করে উদ্যাপনের কথা।
কিন্তু ডিরেক্টরস গিল্ড টিভি নাট্য পরিচালকদের জন্য কী করছে, জানতে চাইলে সভাপতি বলেন, ‘একটা সংগঠনের জন্য তিন মাস খুব অল্প সময়। শুটিংয়ের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, একই সঙ্গে নাটকের শুটিং থেকে শুরু করে প্রচার পর্যন্ত একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে আনার চেষ্টা করছি। বিভিন্ন চ্যানেলের সঙ্গে বসে আমরা ডিরেক্টরস গিল্ডের অনুমতি ছাড়া প্রচার না করার বিষয়টি চূড়ান্ত করব। এরই মধ্যে একটি চ্যানেল এই নিয়ম চালু করেছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, ডিরেক্টরস গিল্ডের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে সভাপতি গাজী রাকায়েতের ইস্কাটনের ব্যক্তিগত অফিস থেকে। এ ব্যাপারে সভাপতি বলেন, ‘আমরা অফিস খুঁজছি। তবে আমরা অফিসের চেয়ে কাজে বিশ্বাসী।’ সামনের কাজগুলোর ব্যাপারে এস এ হক অলিক বলেন, ‘আমরা ১৮ নভেম্বর দিনব্যাপী একটা সম্মেলন করব। মিডিয়া-সংশ্লিষ্ট সংগঠন, চ্যানেলের প্রতিনিধি, পরিচালক, প্রযোজক, কলাকুশলীসহ সবার সঙ্গে বসে আমরা কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’