ত্রিদেশীয় কনসার্টে শাকিব
খোলা ছাদের বিএমডব্লিউ গাড়িতে করে স্টেজে আসবেন শাকিব খান। তাঁকে ঘিরে গানের সঙ্গে বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন অপু বিশ্বাস, বিন্দু, মীম, শখ ও সারিকা। হ্যাঁ, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে আয়োজিত ট্রাইনেশন বিগ শোতে অংশ নিচ্ছেন শাকিব খান। আর তাঁকে এভাবেই উপস্থাপন করার পরিকল্পনা করা হয়েছে।শাকিব জানিয়েছেন, এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তাঁর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন তিনি ছবির কাজের ফাঁকে অনুষ্ঠানের জন্য নিজেকে প্রস্তুত করছেন।বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ১৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় কনসার্ট ট্রাইনেশন বিগ শো। এখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার শিল্পীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করছে এটিএন ইভেন্টস (এটিএন বাংলার একটি অঙ্গপ্রতিষ্ঠান)।এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা কৌশিক হোসেন জানান, ত্রিদেশীয় এই কনসার্টের শুরুতেই থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। বিকেল সাড়ে চারটায় শুরু হবে অনুষ্ঠান। শুরুতেই থাকবে দেশের গান। রাসেল আশেকীর লেখা আর ফুয়াদ আল মুক্তাদীরের সংগীত পরিচালনায় ‘পৃথিবী দেখুক আমরাও পারি/ আমাদের শক্তি অশেষ/ এগিয়ে যাও বাংলাদেশ’ গানটিতে কণ্ঠ দিচ্ছেন সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, শাকিলা জাফর, রিজিয়া পারভীন, শুভ্র দেবসহ আরও অনেকে। লোকগানে অংশ নিচ্ছেন কিরণচন্দ্র রায়, ফরিদা পারভীন, মমতাজ, চন্দনা মজুমদার, কালা মিয়া, ফকির শাহবুদ্দিনসহ ১১ জন শিল্পী। থাকবে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা। এ ছাড়া আরও দু-একটি আধুনিক ও লোকগানের ব্যাপারে শিল্পীদের সঙ্গে আলোচনা হচ্ছে। থাকবে প্রায় ২০০ শিল্পীর একটি নাচ। এখানে অংশ নিচ্ছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা, সোহেল ও রিয়া, লিখন ও নাদিয়াসহ আরও কয়েকটি নাচের দল। শ্রীলঙ্কা থেকে থাকছে দুজন জনপ্রিয় শিল্পীর একক পরিবেশনা এবং দুটি ব্যান্ডের গান। সবশেষে থাকবে বলিউডের পরিবেশনা।কৌশিক হোসেন আরও জানান, ত্রিদেশীয় এই কনসার্টে অংশ নিতে বলিউড থেকে আসছেন সালমান খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, শান ও প্রিতম। এরই মধ্যে তাঁদের সবার আসার ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ‘এটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। এর সঙ্গে দেশ ও দেশের মানুষের ভাবমূর্তি জড়িয়ে আছে। এসব দিক বিবেচনা করেই আমরা ত্রিদেশীয় এই কনসার্টটির পরিকল্পনা করছি। আপত্তি থাকতে পারে—এমন কিছুই এখানে রাখা হবে না।’