ত্রিদেশীয় বিগ শো টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ত্রিদেশীয় বিগ শোকে ঘিরে দুপুর থেকেই স্টেডিয়ামের চারপাশে দর্শকদের ভিড় লক্ষ করা গেছে। দীর্ঘ সময় সারি বেঁধে দাঁড়িয়ে থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে। বিভিন্ন অনিয়ম-অব্যবস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি চললেও শেষ পর্যন্ত প্রিয় তারকাদের কাছ বেশ কিছু চমকপ্রদ তথ্য নিয়ে বাড়ি ফেরে দর্শকেরা, যা অনেকেই এর আগে জানত না।দেখা হলো না সালমান-ক্যাটরিনার: বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফের মধ্যকার মনোমালিন্যের খবর অনেক দিনের। দর্শকেরা মনে করেছিল, ঢাকার অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়তো সেটার বরফ কিছুটা হলেও গলবে। হয়তো তাঁরা দুজন একসঙ্গে পারফর্ম করবেন। কিন্তু না, সেটা আর হয়ে ওঠেনি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ত্রিদেশীয় বিগ শোতে একসঙ্গে পারফর্ম করা তো দূরের কথা, দেখা পর্যন্ত হয়নি তাঁদের। ঢাকায় অনুষ্ঠান করতে এসে ক্যাটরিনা স্টেডিয়ামের মঞ্চের ঠিক পেছনে দোতলার একটি কক্ষে ছিলেন। সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী আনুশকা শর্মা, আর সালমান খান ছিলেন তিনতলার একটি কক্ষে। অক্ষয়-আনুশকা একসঙ্গে পারফর্ম করলেও সালমান-ক্যাটরিনাকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়নি। এ ছাড়া সালমান মঞ্চে থাকা অবস্থায়ই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ক্যাটরিনা।চট্টগ্রামের ছেলে প্রীতম: নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর অনুষ্ঠান শুরু হলেও বলিউড তারকাদের মধ্যে প্রথম পরিবেশনাটি ছিল বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রীতমের। গানের ফাঁকে প্রীতম বলেন, ‘আমার বাবা চট্টগ্রামের সন্তান। সেই হিসেবে আমি চট্টগ্রামেরই ছেলে। বাংলাদেশে এসে আমার খুবই ভালো লাগছে। তা ছাড়া চট্টগ্রামের ভাষার সঙ্গে ছোটবেলা থেকেই আমার ভালো একটা পরিচয় রয়েছে।’ প্রীতমের মুখে এসব তথ্য শুনে উপস্থিত অনেককেই অবাক হতে দেখা গেছে। এর পরই তিনি প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ গানটি গেয়ে শোনান।পূর্বাণী হোটেলের অক্ষয়: প্রীতম, আনুশকা, ক্যাটরিনার মনোমুগ্ধকর পরিবেশনার পর মঞ্চে আসেন বলিউডের রাফ অ্যান্ড টাফ হিরো অক্ষয় কুমার। সাবলীল অক্ষয় ক্রেনে চড়ে স্টেডিয়ামের দর্শকদের মাথার ওপর দিয়ে ঘুরে লাফিয়ে নামেন মঞ্চে। ক্রেন থেকে নামতে নামতেই অক্ষয় ‘তিস মার খান’ ছবির ‘ম্যায় বারিশ ক্যার দু প্যায়সো কি যো তু হো যায় মেরি’ গানটির সঙ্গে পারফর্ম করতে থাকেন। অক্ষয়ের পারফর্মেন্সে বুঁদ হয়ে থাকতে থাকতে সবচেয়ে চমকপ্রদ খবরটা দেন দর্শকদের। গানের ফাঁকে তিনি স্টেডিয়ামভর্তি দর্শকদের উদ্দেশে সালাম দিয়ে বলেন, ‘এটি আমার প্রথম ঢাকা সফর নয়। এর আগেও আমি ঢাকায় এসেছি। আজ থেকে ২৭ বছর আগে আমি বাংলাদেশে প্রথম এসেছিলাম।’ বিষয়টিতে অনেকেই অবাক হয়ে যায়। তিনি আরও বলেন, ‘আজ থেকে ২৭ বছর আগে আমি পূর্বাণী হোটেলে চাকরি করতে এসেছিলাম। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। অনেকখানি বদলে গেছে।’মঞ্চ ত্যাগ করার আগেই অক্ষয় মাঠভর্তি দর্শকদের সালাম দিয়ে বিদায় নেন।এবারই প্রথম না: অক্ষয়ের এটি প্রথম ‘না’ হলেও সালমানেরও এটি প্রথম সফর নয়। বাংলাদেশে সালমান প্রথম আসেন ২০০০ সালে। একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতেই তিনি ঢাকায় এসেছিলেন। ওই দলে তাঁর পাশাপাশি বলিউডের আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পীও ছিলেন। তবে অক্ষয়-সালমানের এটি প্রথম না হলেও ক্যাটরিনা-আনুশকার জন্য এটি ছিল প্রথম বাংলাদেশ সফর।