ত্রিপুরা মাতিয়ে এল ‘মহাজনের নাও’
‘প্রয়াত একজন বাউল আজ দুই বাংলার মানুষকে এক করে দিয়েছেন। বাংলাদেশের একটি গ্রামে বেড়ে ওঠা এই মহান বাউল সম্পর্কে কিছু জানা না থাকলেও তাঁর গানগুলো হূদয় ছুঁয়ে যায়। নাটকটিতে একজন বাউলের জীবনী দেখাতে গিয়ে তাঁর জীবনসংগ্রামের পাশাপাশি ব্রিটিশ, পাকিস্তানিদের দুঃশাসনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।’ নাটক শেষে উপস্থিত প্রধান অতিথি ত্রিপুরা রাজ্যসরকারের অর্থ ও পূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী বাদল চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় মহাজনের নাও নাটকটি সম্পর্কে এমনই বলেছেন। তিনি বলেন, ‘আমরা একই ভাষার মানুষ। আত্মীয়-পরিজন শুধু একটি রাজনৈতিক সীমারেখা টেনে পৃথক হয়ে আছি, কিন্তু নাড়ির টান কি কখনো ছিঁড়ে যায়, যায় না। বাউল আবদুল করিমকেও নিজের ভিটে ছাড়তে হয়েছিল। দৈন্য, ক্ষুধা—কোনো কিছুই তাঁর সাধনা আটকে রাখতে পারেনি।’ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে ভারতের দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া প্রেসক্লাব দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত দল হিসেবে বাংলাদেশের সুবচন নাট্যসংসদ তাদের জনপ্রিয় নাটক মহাজনের নাও মঞ্চস্থ করে। এ অনুষ্ঠানে সুবচনের সদস্যরা সকালে নিজ উদ্যোগেই একুশের গান গেয়ে একটি র্যালি বের করলে রাজ্য বিধানসভার বিধায়ক বাসুদেব মজুমদার ও বাংলাদেশের বিশিষ্ট নাট্যজন ম. হামিদ ছাড়াও নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাতে যোগ দেন।সুবচন নাট্যসংসদের প্রধান সম্পাদক আহাম্মদ গিয়াস জানান, সন্ধ্যায় বিলোনিয়া টাউন হল মিলনায়তনে প্রদর্শিত হয় শাকুর মজিদ রচিত ও সুদীপ চক্রবর্তী নির্দেশিত মহাজনের নাও। তিনি বললেন, ‘নাটকটির প্রদর্শনীর আগে ঘটনা অন্যদিকে মোড় নিল। নাটকটি দেখার জন্য মিলনায়তনের বাইরে শত শত দর্শক। শেষ পর্যন্ত হলের ভেতরের ৮০০ আসন পূর্ণ হয়ে গেল। তখনো আরও দুই শতাধিক দর্শক বাইরে। শেষ পর্যন্ত প্রেসক্লাব কর্তৃপক্ষ বাইরে প্রজেক্টরের ব্যবস্থা করে দেয়। একই সঙ্গে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল নাটকটি সরাসরি সম্প্রচার করে গোটা দক্ষিণ ত্রিপুরাবাসীকে দেখার সুযোগ করে দেয়।’ তিনি বলেন, ‘এ এক বিরল অভিজ্ঞতা। মঞ্চনাটকের জন্য এত দর্শক আর দেখিনি। নাটকটি শেষ হলে মঞ্চে উঠে এসে অনেক নাট্যজন, নাট্যকর্মী, দর্শক আমাদের জড়িয়ে ধরে অভিবাদন জানিয়েছেন। তাঁরা বলেছেন, “প্রতিবছরই এই নাটকটি ত্রিপুরার বাঙালিরা দেখতে চাই”।’রাষ্ট্রসীমানার বাইরে মহাজনের নাও নাটকের এটাই ছিল প্রথম প্রদর্শনী। সম্প্রতি সুবচনের ২৪ সদস্যের দলটি দেশে ফিরেছে।