ত্রিপুরায় প্রশংসিত ‘শপথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপুল প্রশংসা নিয়ে দেশে ফিরল শিল্পকলা একাডেমীর নিজস্ব প্রযোজনা শপথ। এই প্রথম শিল্পকলা একাডেমীর নিজস্ব কোনো নাটক দেশের বাইরে মঞ্চস্থ্থ হলো। ত্রিপুরার শুভম নাট্যচক্রের ১০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমীর চলচ্চিত্র ও নাট্যকলা বিভাগ আমন্ত্রণ পায়। এই আমন্ত্রণে শিল্পকলার জাতীয় নাট্যশালার নিজস্ব প্রযোজনা শপথ নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি ত্রিপুরার খোয়াই শহরে ৩০ জানুয়ারি উত্সবে মঞ্চস্থ হয়। এর আগে ২৯ জানুয়ারি নাটকটির নির্দেশক আরিফ হায়দারের নেতৃত্বে ত্রিপুরায় রওনা হয় দলটি। ১ ফেব্রুয়ারি দেশে ফিরে আরিফ হায়দার বলেন, ‘আমরা নাটকটিকে একটা ভিন্ন আঙ্গিকে মঞ্চে এনেছি। এ নাটকে ঢাকার একাধিক দলের ছেলেমেয়েরা কাজ করছে। এর আগে এভাবে শিল্পকলার নিজস্ব কোনো প্রযোজনা মঞ্চে আসেনি। আর দেশের বাইরেও শিল্পকলার নাটকের প্রথম সফর।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, এই সফরে আমরা ত্রিপুরার খোয়াই শহরের দর্শকের কাছে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পেরেছি। আমরা দেশের বাইরে আরও বেশি বেশি নাটক মঞ্চায়ন করার মাধ্যমে সংস্কৃতির আকাশে ডানা মেলতে চাই।’ নাটকটিতে আরণ্যক নাট্যদলের আপেল আরিফ, ফিরোজ আল মামুন, মোনো চৌধুরী, সঞ্জীব, দৃশ্যপটের আলী মাহমুদ, থিয়েটার আর্ট ইউনিটের তারেকুল ইসলাম, বাংলাদেশ থিয়েটারের রফিক উল্লাহ, ভিশন থিয়েটারের জাহিদ হোসেন, মনির আহমেদ এবং কারক সম্প্রদায়, ঢাকা পদাতিকসহ আরও বেশ কয়েকটি দলের কর্মীরা অভিনয় করেছেন।শপথ লিখেছেন আবদুল্লাহ আল-মামুন।