ত্রিমাত্রিকে বঙ্গবন্ধুর ভাষণ
‘যেন কাছ থেকেই দেখছি। একদম অন্য রকম অনুভূতি। বক্তৃতা শুনে মনে সাহস তৈরি হচ্ছিল।’ মিলনায়তন থেকে বেরিয়ে এমন অনুভূতি সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরের। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি ত্রিমাত্রিক (থ্রিডি) প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের একটি পর্দায় যেন জীবন্ত হয়ে উঠেছিল সেদিনের জনসমুদ্র।
ভাষণটি নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে থ্রিডি ফরম্যাটে রূপান্তর করে বানানো হয়েছে ভিডিওচিত্র ‘পিতা’। গতকাল ছিল এর উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীর আগে সংক্ষেপে কথা বলেন প্রদর্শনীতে আসা অতিথি ও আয়োজকেরা।
আব্দুন নূর তুষারের সঞ্চালনায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অভিনেতা ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রার ম্যানেজিং পার্টনার আফজাল হোসেন এবং ওকে ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট কাজী জসিমুল ইসলাম।
স্বদেশ ট্যাব, ওকে ওয়ার্ল্ড, ওকে মোবাইল, চ্যানেল আই ও মাত্রার উদ্যোগে ভাষণটি থ্রিডিতে রূপান্তর করা হয়েছে।