ত্রিরত্নের অভিযান
মুখে ফরাসি ছাঁট দাড়ি। মাথায় এলোমেলো লম্বা চুল। প্রথম দেখাতেই সবাই বুঝে নেয়, এই ছেলেকে ঘাঁটাতে যাওয়া বিপজ্জনক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সহপাঠীরা সব তাঁর বাক্যবাণে জর্জরিত হওয়ার ভয়ে ২৪টি ঘণ্টা তটস্থ থাকেন। তার পরও কীভাবে যেন ফাহমি নামের ছেলেটির সঙ্গে অল্পস্বল্প ভাব হয়ে গেল রনির। সেই অল্পস্বল্প ভাব গলায় গলায় খাতির অবধি গড়াতে সময় লাগল না। যখন জানা গেল, ফাহমি ছেলেটি দেখতে একটুখানি ডাকাবুকো হলেও দিলটা একদম পরিষ্কার। এবং তার চেয়েও মহাগুরুত্বপূর্ণ ব্যাপার—কম্পিউটারবিজ্ঞান বিভাগে নাম লেখালেও তাঁর মাথায় মহাসমারোহে চেপে বসেছে সিনেমার পোকা।বছর ছয়েক আগের কথা। মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ভাইবেরাদর দলের খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করেছে দিকে দিকে। দুই বন্ধু মিলে বিস্তর দেনদরবার আর দৌড়ঝাঁপ করলেন। কিন্তু যোগফল শূন্য। বিশ্ববিদ্যালয়পড়ুয়া দুই নবীন তরুণের কাছে মোস্তফা সরয়ার ফারুকীর কাছে পৌঁছানোটা মনে হচ্ছিল হিমালয় আরোহনসম। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর দুষ্টু বুদ্ধিটা একদিন মাথায় এল ফাহমির। দুজন মিলে কীভাবে যেন নম্বর জোগাড় করে ফোন করলেন মোস্তফা সরয়ার ফারুকীকে। গলাটলা বেশ মোটা করে গম্ভীরভাবে জানিয়ে দিলেন, ‘এই সরয়ার, আমি আমার ছোট দুই ভাইকে পাঠিয়ে দিচ্ছি। ওদের তুমি অবশ্যই নাটকের কাজে নিবা। বুঝছ?’ তারপর ওপাশের উত্তর শোনার আগেই মোবাইল ফোন বন্ধ করে একদম গা-ঢাকা দেওয়ার মতো অবস্থা দুই বন্ধুর। মোস্তফা সরয়ার ফারুকী যদি পুলিশে খবর দেন, সেই ভয়ে হয়তো।জগতে অনেক আশ্চর্য ঘটনা ঘটে। অথবা আমরা বলতে পারি, সাধনায় সব হয়। মোস্তফা সরয়ার ফারুকী মাত্র মাসখানেক আগে জানতে পেরেছেন, বছর ছয়েক আগের সেই রহস্যময় ফোন কলের মূল হোতা ছিলেন তাঁর প্রধানতম দুই ভাইবেরাদর রেদওয়ান রনি ও ইফতেখার আহমেদ ফাহমি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ভাইবেরাদর দলে অন্তর্ভুক্ত হওয়ার গল্পটাও অনেকটা কাছাকাছি। নরসিংদীর এই তরুণকেও প্রায় একই কৌশলে বশ করেছিল মোস্তফা সরয়ার ফারুকীর নাটক। তাঁর দলের একজন হওয়ার জন্য রাজ বহুদিন জুতোর শুকতলা ক্ষয়েছেন। না, মোস্তফা সরয়ার ফারুকীর পেছনে নয়। তাঁর প্রয়াত ক্যামেরাম্যান সুব্রত রিপনের পেছন পেছন ঘুরে। অবশেষে এলাকার বড় ভাই রিপনের সহায়তায় মিলেছিল সেই সুযোগ। মাঝে পেরিয়ে গেছে ছয় বছর। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ইফতেখার আহমেদ ফাহমি ও রেদওয়ান রনি এখন দেশের উজ্জ্বলতম তিন তরুণ নির্মাতার নাম। রনি ও ফাহমির ধারাবাহিক হাউসফুল দারুণভাবে দর্শকনন্দিত হয়েছে। রনির এফএনএফ ও ফাহমির ফিফটি ফিফটি নামের নতুন দুটো ধারাবাহিক এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম আকর্ষণ। জনপ্রিয়তায় বেশ ওপরের দিকে আছে রাজের গ্র্যাজুয়েটও। রাজের ছায়াছবি প্রজাপতি শিগগির আসছে বড় পর্দায়। ছায়াছবির দুনিয়ায় শিগগির অভিষেক হতে যাচ্ছে অন্য দুজনেরও। সামনে আসছে ফাহমির ছবি টু বি কন্টিনিউড এবং রনির চোরাবালি।আসছে ঈদের কাজ নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেছে পুরোদমে। রাজ ব্যস্ত তাঁর ছবির শুটিংয়ে। ফাহমি আর রনি দুজনই ঈদের কাজ নিয়ে থাকেন দৌড়ের ওপর। শেষমেশ সেদিন বিকেল চারটায় তিনজনকে মেলানো গেল একসঙ্গে। জানা গেল, ছোট পর্দার দর্শকদের চিত্তজয় নিয়ে তাঁদের ধারাবাহিকগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঠিক। কিন্তু তাঁদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই একদম নিখাদ।ফাহমি আর রাজের মধ্যে একটা মিল। পরিচালকের বাইরে দুজনেরই আরেকটা পরিচয়—তাঁরা অভিনেতা। ইফতেখার আহমেদ ফাহমির ফাউল নাটক দিয়ে অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন রাজ। ফাহমি অভিনীত নাটকের তালিকায় আছে তালপাতার সেপাই, হ্যাঁ/না, বিপরীতে আমি, উচ্চতর পদার্থবিজ্ঞান। রেদওয়ান রনি অকপটে স্বীকার করলেন, চাপে পড়ে কয়েকবার ক্যামেরার সামনে দেখা গেলেও অভিনয়টা একদমই আসে না তাঁর।