ত্রিশ লাখ টাকার বাজেটে হবে আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব বিষয়ে সংবাদ সম্মেলন
১ম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব বিষয়ে সংবাদ সম্মেলন

রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১ম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসব ঢাকা’। আগামী ১৯ থেকে ২৬ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল হল, পরীক্ষণ থিয়েটার মিলনায়তন ও নন্দন মঞ্চে একযোগে এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজকেরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ত্রিশ লাখ টাকা আনুমানিক বাজেটের এ উৎসবে বাংলাদেশ ও ভারতের পূর্বাঞ্চলের ১৬টি নাট্যদল অংশ নেবে।

আজ সোমবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, উৎসব কমিটির আহ্বায়ক শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, উৎসব কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ, মোহাম্মদ বারী, চন্দন রেজা, মীর জাহিদ হাসান, শাহ আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে উৎসব কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ লিখিত বক্তব্যে উৎসবের বিস্তারিত তুলে ধরেন। এতে জানান হয়, ৮ দিনের এই নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের ১৬টি বৈচিত্র্যময় নাটক মঞ্চস্থ হবে। বাংলাদেশের চাকমা, মণিপুরি, ত্রিপুরা, সাঁওতাল, গারো, মারমা, ওঁরাও, এবং ভারতের অসমিয়া, খাসি, বড়ো, মণিপুরি, ত্রিপুরা, মিজো, ঝাড়খন্ড ও ছৌ মৃত্তিকালগ্ন গোষ্ঠীর নাট্যদলসমূহ তাদের নাটক মঞ্চস্থ করবে এই নাট্যোৎসবে।


আগামী ১৯ নভেম্বর বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল হলে এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ। একই সঙ্গে আয়োজনটি সম্প্রসারিত হবে চট্টগ্রাম, সিলেট ও যশোরে।

নাট্যোৎসবে প্রতিদিন বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চে রয়েছে আমন্ত্রিত দেশি ও বিদেশি নাট্যদলসমূহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। এ পরিবেশনা সকল দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টায় পরীক্ষণ থিয়েটার হলে রয়েছে বাংলাদেশের মৃত্তিকালগ্ন সম্প্রদায়ের পরিবেশনায় নাটক এবং সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে ভারতীয় নাট্যদল সমূহের পরিবেশনায় নাটক।

সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকলেও সংশ্লিষ্টরা জানান, এই নাট্যোৎসবে যুক্ত রয়েছেন বাংলাদেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আলী যাকের, নাসিরউদ্দিন ইউসুফ প্রমুখ। উৎসব আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউনেসকো (ঢাকা অফিস), বাংলাদেশ ভারত ফাউন্ডেশন ও চ্যানেল আই, নিউ জড়োয়া হাউস, সিম্ফোনী, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল, ফিম্স্, রেডিও ভূমি, ইউনিভার্সেল মেডিকেল কলেজ, দি প্যালেস লাক্সারি রিসোর্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’সহ আরো কয়েকটি দেশি ও বিদেশি প্রতিষ্ঠান।