ত্রয়ী উপন্যাস নিয়ে মিমির ধারাবাহিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস নিয়ে ধারাবাহিক নাটক তৈরি করছেন আফসানা মিমি। উপন্যাস তিনটি হলো কলকাতার কাছে, উপকণ্ঠে ও পৌষ ফাগুনের পালা। এরই মধ্যে তৈরি হয়েছে ৫০ পর্ব। ধারাবাহিকটির নাম পৌষ ফাগুনের পালা।মিমি এর আগে পরিচালনা করেছেন বন্ধন, গৃহগল্প, সাড়ে তিনতলা ও ডলস হাউস ধারাবাহিক। এই নাটকগুলোতে তাঁর সঙ্গে ছিলেন আরও কয়েকজন পরিচালক। তবে এককভাবে তিনি পরিচালনা করেছেন কাছের মানুষ আর এবার পৌষ ফাগুনের পালা। মিমি তাঁর নতুন নাটকের কাজ করেছেন ধামরাইয়ের বেলীশ্বর গ্রামে।গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাস নিয়ে নাটক তৈরির ব্যাপারে মিমি বললেন, ‘আমাদের এখানে ভালো গল্পের বড় অভাব। আবার বড় ধারাবাহিক করতে গেলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। ফলে গল্পের ধারাবাহিকতা ধরে রাখা যায় না। সেদিক থেকে গজেন্দ্রকুমার মিত্রের উপন্যাস তিনটিতে আমরা বড় ক্যানভাস খুঁজে পাই। এখানে একটা মজবুত গল্প আছে। গল্প যত বড় হবে, বড় ধারাবাহিক বানানো তত সহজ হয়। পাশাপাশি এ নাটকের অভিনয়শিল্পীদের তালিকাটাও খুব ভালো। সব মিলিয়ে আমি আশা করছি, নাটকটা দর্শকদের একটু অন্য রকম লাগবে।’গজেন্দ্রকুমার মিত্র উপন্যাস লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ভারতের কলকাতার প্রেক্ষাপটে। কিন্তু মিমি জানান, তিনি এই ধারাবাহিকে সময়টা নিয়েছেন ষাটের দশক আর চিত্রনাট্য তৈরি করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে।নাটকের গল্প প্রসঙ্গে বলেন, পুরো নাটকটি তৈরি হয়েছে একটি পরিবারের কিছু মানুষের গল্প নিয়ে। এটি রাশমনির পরিবার। এই রাশমনি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান।১৫ জুন থেকে এটিএন বাংলায় ধারাবাহিকটি নিয়মিত দেখানো হবে।