ত্রয়ী শিল্পীর ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এ ডি ট্রায়ো ব্যান্ডের তিন সদস্য
এস এ ডি ট্রায়ো ব্যান্ডের তিন সদস্য

সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, গিটারবাদক ও অভিনয়শিল্পী দীপ্ত এবার নতুন ব্যান্ড গড়েছেন। নাম এস এ ডি ট্রায়ো (শাফকাত আহমেদ দীপ্ত ট্রায়ো)। এখানে দীপ্তর সঙ্গে আছেন নাদিম রাহমান (বেজ) আর শিশির জামান (ড্রামস)। এ ছাড়া অরণ্য ব্যান্ডের বিকাশ রায়ও আছেন এস এ ডি ট্রায়োর সঙ্গে।
দীপ্ত বলেন, ‘বাংলাদেশে এ ধরনের চর্চা খুব একটা দেখা যায় না। কিন্তু বাইরে অনেকেই ট্রায়ো ধারার মিউজিক নিয়ে নিরীক্ষা করছেন। ট্রায়ো হচ্ছে ব্যান্ড মিউজিকের একটি জনপ্রিয় ধারা। তিনজন বাদ্যযন্ত্রশিল্পী মিলে এ ধরনের দল গড়েন।’
ট্রায়ো ব্যান্ড গড়ার কারণ প্রসঙ্গে দীপ্ত বলেন, ‘অনেক শিল্পীর স্বপ্ন থাকে ট্রায়ো ব্যান্ড গড়ার। এখানে একজন বাদ্যযন্ত্রশিল্পী তাঁর মেধার পূর্ণ প্রকাশ ঘটাতে পারেন। গানগুলোও নতুন মাত্রা পায়।’
দীপ্ত জানান, তাঁর জনপ্রিয় গান ‘একটা সরল অঙ্ক’, ‘রসায়ন’, ‘তার ছিঁড়ে গেছে’ এস এ ডি ট্রায়ো থেকে নতুনভাবে করা হবে।
এস এ ডি ট্রায়ো শুরুতেই অ্যালবাম তৈরির কাজে মন দিয়েছে। অনেকটা প্রগ্রেসিভ জ্যাজ এবং প্রগ্রেসিভ রক ধারার গান করছে তারা। এ ছাড়া ইনস্ট্রুমেন্টাল ট্র্যাকও থাকবে অ্যালবামে।
অ্যালবামের প্রোডিউসার আর্টসেলের গিটারশিল্পী এরশাদ জামান। তিনি বলেন, ‘দীপ্ত আমার পুরোনো বন্ধু। আমরা একসঙ্গে বড় হয়েছি। ওর এই নতুন উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আমি নিজে সব সময় প্রগ্রেসিভ ধারার মিউজিক করেছি। নিজের অভিজ্ঞতা দিয়ে একটি আন্তর্জাতিক মানের অ্যালবাম তৈরির চেষ্টা করছি। অ্যালবামটির সাউন্ড ডিজাইন নিয়েও সেভাবেই কাজ হচ্ছে।’
কাল ২৭ মে রাতে এসএ টিভির লাইভ অনুষ্ঠানে প্রথম গান করবে এস এ ডি ট্রায়ো।