গল্পটি চর্বিতচর্বণ হয়েছে অসংখ্যবার। তাও নতুন করে আরেকবার পরিবেশন করা যাক; প্রায় ২০ বছর আগের কথা। আমির খান, সালমান খানরা তখন সবে ‘সুপারহিট’ তারকার তকমা পেয়েছেন। ‘খান’ পদবিটা তখন অনেকের কাছেই ‘সোনার মোহর’। তাঁদেরই একজন ‘ড্রিম গার্ল’খ্যাত হেমা মালিনী। দূরদর্শনের সিরিয়াল ফৌজি, সার্কাস-এর অভিনেতা শাহরুখ খানকে প্রথম চলচ্চিত্রে নিয়ে আসেন তিনি। যদিও প্রথম সই করা ছবির কাজ শুরু করার আগেই রাজু বান গ্যায়া জেন্টালম্যান-এর শুটিং শুরু করেন শাহরুখ। আমির খানের জনপ্রিয় ছবির নায়িকা জুহি চাওলা শাহরুখকে প্রথম দর্শনেই নাকচ করে দেন। জুহির দাবি, ‘এ রকম এলোমেলো চুল, লিকলিকে শরীর—একে দিয়ে চলবে না।’ বছর ঘুরেই শাহরুখের তৃতীয় সই করা ছবি দিওয়ানা প্রথম মুক্তি পায়। ছবি সফল, শাহরুখও নগদে ঝুলিতে ভরেন সেরা নতুন মুখের ফিল্মফেয়ার পুরস্কার। এরপর সালমান খানের ছেড়ে দেওয়া বাজিগর এবং আমির খানের ছেড়ে দেওয়া ডর করে শাহরুখ রাতারাতি পান সুপারস্টারের খেতাব। সাফল্যের সূর্য সেই যে উদয় হয়েছে, আজও অস্তমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ১৮ বছর পর এখনো শাহরুখের নামের পাশে ‘বাদশাহ’ বা ‘কিং খান’ পদবিগুলো ঝোলানোটা ‘অতি জরুরি’ হয়ে পড়েছে।রানী মুখার্জি সে তুলনায় চলচ্চিত্র পরিবারের মেয়ে। যদিও প্রথম ছবির ব্যর্থতার পর আমির খানের সঙ্গে গুলাম ছবিতে সুযোগ পান রানী। তবে পূজা ভাট শেষ মুহূর্তে ছবিটি ছেড়ে না দিলে রানী ছবিটি করতে পারতেন না। রানীর ফ্যাশফ্যাশে কণ্ঠস্বর যাতে দর্শকদের মাথাব্যথার কারণ না হয়, তার জন্য পরিচালক বিক্রম ভাট ডাবিং শিল্পীকে দিয়ে রানীর ডাবিং করান। কুচ কুচ হোতা হ্যায়তে পরিচালক করণ জোহর অবশ্য ঝুঁকি নেন রানীর কণ্ঠস্বর ব্যবহারের। শুরুতে দর্শক ভ্রু কুঁচকিয়েছেন বটে, তবে টুইঙ্কল, রাভিনা, টাবু, ঐশ্বরিয়ার ছেড়ে দেওয়া চরিত্রে অভিনয় করেই রানী ঝুলিতে ভরেন সেরা পার্শ্ব অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার। অল্পদিনের মধ্যেই রানীর কণ্ঠস্বরই অনেকের প্রিয়র তালিকায় চলে আসে। এমনকি চার-পাঁচ বছর আগেও দর্শক সমস্বরে স্লোগান তুলেছিল, সত্যিকারের ‘রানি হিন্দুস্তানি’ এক এবং অদ্বিতীয় রানী মুখার্জি। বর্তমানে রানীর সাফল্যের প্রদীপ নিভু নিভু করে জ্বলছে ঠিক, তবে রানী-ভক্তরা আশাবাদী, আগামী বছর নো ওয়ান কিলড জেসিকা এবং আমির খানের বিপরীতে ফারহান আখতারের ছবি দিয়ে নতুন করে জ্বলে উঠবেন রানী। অর্জুন রামপালের অর্জন অবশ্য শাহরুখ-রানীর তুলনায় নস্যি। তবে তাঁর সংগ্রামের কাহিনিও ফেলে দেওয়ার মতো নয়। ‘সুপার মডেলরা অভিব্যক্তিহীন’ এই অপবাদকে সঙ্গে নিয়ে বলিউডে প্রথম পা রেখেছিলেন অর্জুন; মোক্ষ ছবিতে। তাও অক্ষয় কুমারের ছেড়ে দেওয়া চরিত্রে। প্রথম সই করা ছবি ব্যর্থ হলেও প্রথম মুক্তি পাওয়া পেয়ার ইশক ঔর মোহাব্বত ছবির জন্য ফিল্মফেয়ার সেরা নতুন মুখের পুরস্কার বগলদাবা করেন ‘অভিব্যক্তিহীন অর্জুন’। প্রায় এক যুগের অভিনয় জীবনে ২৫টির মতো ছবি করলেও সাফল্য ধরা দিয়েছে অতিসম্প্রতি। শাহরুখ-রানীর কাছেও যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনো অধরা, একসময়ের অভিব্যক্তিহীন অর্জুন তা অর্জন করে দেখিয়েছেন রক অন ছবিতে দুর্দান্ত অভিনয়ের বদৌলতে। রানীর মতো অর্জুনের সাফল্যের শুরুটাও শাহরুখের হাত ধরে। ওম শান্তি ওম ছবির মুকেশ মেহরা চরিত্রটি বিবেক ওবেরয় ছেড়ে দেওয়ার পর শাহরুখের অনুরোধেই পরিচালক ফারাহ খান অর্জুনকে প্রস্তাব করেন। সুতরাং শাহরুখ-রানী-অর্জুন—এই ত্রয়ী অনেক দিক দিয়েই এক সুতোয় বাঁধা। ছয় বছর আগে সাইফ, প্রীতি, প্রিয়াঙ্কার সঙ্গে টেম্পটেশন ওয়ার্ল্ড ট্যুর কনসার্টেও গিয়েছিলেন এই তিন। রানী অবশ্য এখন পর্যন্ত কোনো ছবিতে অর্জুনের নায়িকা হননি, তবে শাহরুখের বিপরীতে কুচ কুচ হোতা হ্যায়, চলতে চলতে, বীর-জারা, কাভি আলবিদা না কেহনা প্রতিটি ছবিই বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছিল। এমনকি রানীর ছবি হার দিল জো পেয়ার কারেগা, সাথিয়াতে শাহরুখ এবং শাহরুখের ছবি কাভি খুশি কাভি গাম, কাল হো না হো, ওম শান্তি ওম, রাব নে বানা দে জোড়িতে রানী অতিথি চরিত্রে কাজ করেছিলেন। এসব ছবি সফল হলেও হে রাম, পহেলি ছিল সাফল্যের আকাশে কলঙ্কের কালিমা। অনেকেই হয়তো জানেন না, এ মুহূর্তে অভিনেতাদের মধ্যে শাহরুখের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু অর্জুন রামপাল। ২০০৭ সালে অর্জুন প্রযোজিত প্রথম ছবি আইসিইউতে বিনা পারিশ্রমিকে অতিথি চরিত্রে কাজ করেন শাহরুখ। ডন, ওম শান্তি ওম, কাভি আলবিদা না কেহনা, মুক্তি আসন্ন আরএওয়ান—প্রতিটি ছবিতেই শাহরুখের সুনজর অর্জুনকে ছবি পেতে সাহায্য করেছে। যদিও সাম্প্রতিক উড়োখবর, পারিশ্রমিকজনিত কারণে ডন টু ছবিটি অর্জুন ছেড়ে দেওয়ায় ‘কিং খান’ ভীষণ চটেছেন। দুজনের ক্যারিয়ারগ্রাফে ভীষণ মিল, ‘গডফাদার’ ছাড়া বলিউডে এসে দুজনেই নিজেদের নাম প্রতিষ্ঠিত করেছেন। তাও আবার বিবাহিত নায়ক হিসেবে বলিউডে পা রেখেছিলেন। শাহরুখ-পত্নী গৌরী খান এবং অর্জুন-পত্নী সাবেক মিস ইন্ডিয়া মেহের দুজনই এখন নামী ফ্যাশন ডিজাইনার। যথাক্রমে ১৯ ও ১৩ বছরের বিবাহিত জীবনে কোনো নায়িকার সঙ্গে গুজবে জড়ানোর বদনাম গায়ে মাখেননি শাহরুখ ও অর্জুন। এ সময়ের নায়িকাদের মধ্যে রানীই পেয়েছেন সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার (ছয়টি)। শাহরুখ খানের অর্জন অবশ্য এ সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই। শাহরুখই অভিনেতাদের মধ্যে সর্বাধিকসংখ্যক ফিল্মফেয়ার পুরস্কার (১৪টি) অর্জন করেছেন। রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ পদক অর্জন কিংবা মাদাম তুসোর জাদুঘরে মোম হয়ে থাকা, বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাংলো ‘মান্নত’ অর্জন করা, দুবাইয়ে বাড়ি কেনা, কাজলের সঙ্গে হিন্দি ছবির শ্রেষ্ঠ জুটির মালিক হওয়া, রেকর্ড ১৫ বছর বিরতিহীনভাবে প্রদর্শিত হওয়া ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের নায়ক হওয়া, টুইটারে সাত লাখ ১২ হাজার ৮১০ অনুসারী—এ রকম আরও অজস্র তথ্য ইঙ্গিত দেবে শাহরুখের রাজসিক রাজত্বের। ‘শাহরুখ’ অর্থ রাজার মুখশ্রী। অর্জুন-রানীও স্বীকার করেন, একটা সময় এই রাজার মুখদর্শনেই তাঁরা নিজেদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন। আলোচিত এই তিন তারকা ১০ ডিসেম্বর আসছেন ঢাকা মাতাতে। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট