
হাতুড়ির আঘাতে নিমিষেই চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারেন থর। থরের আঘাতে থরথর করে কাঁপছে হলিউডের বক্স অফিসও। ঝড়ের দেবতা থর যে ঝড় তুলেছেন বক্স অফিসে। মুক্তির প্রথম সপ্তাহান্তে থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড উত্তর আমেরিকায় তুলে নিয়েছে আট কোটি ৬১ লাখ ডলার। ১১ নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী আয় প্রায় ৩৩ কোটি ডলার। মার্ভেল কমিকসের ছবি মানেই যেন ‘মার্ভেলাস’ কিছু করে বসা—এটা এখন প্রায় নিশ্চিত!
অস্ট্রেলীয় অভিনেতা, পৃথিবীর শতকোটি তরুণীর হূৎকম্পনজনিত ‘অসুখে’র উৎস ক্রিস হেমসওয়ার্থ আবারও অভিনয় করেছেন থরের ভূমিকায়। অসগার্ড রাজ্যের যুবরাজ তিনি। ওডিনের মহাবলশালী পুত্র। থর সেয়ানে-সেয়ানে পাল্লা দিতে পারেন ব্যাটম্যান-সুপারম্যানদের মতো যেকোনো সুপারহিরোদের সঙ্গে। কিছু কিছু দিক দিয়ে তার অতিমানবীয় ক্ষমতা বাকি সবার চেয়ে বেশি।
২০১১ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘থর’ সিরিজের ছবি। প্রথম দফাতেই দর্শকের মন জিতে নিয়েছিল ছবিটি। ডলারের বর্ষণ ঘটানো সিরিজের প্রথম ছবি থর আয় করেছিল প্রায় ৪৫ কোটি ডলার। সিরিজের দ্বিতীয় ছবি মুক্তির চার দিনের মধ্যেই আয় করল ৩০ কোটি ডলারেরও বেশি। এখনো পুরো বিশ্বে মুক্তিই পায়নি থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড। ঝড়ের পূর্বাভাসটা নিশ্চয়ই ভালোমতোই টের পাচ্ছেন। বিশ্বব্যাপী থিয়েটারগুলো যেন সানন্দে ১০ নম্বর মহাবিপদ সংকেতের জন্যই অপেক্ষা করছে!
সর্বশেষ সুপারহিরো ছবি আয়রন ম্যান কিংবা ডার্ক নাইট-এর শুরুটা অবশ্য থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড-এর চেয়েও ভালো হয়েছিল। তবে সেগুলো প্রতিষ্ঠিত সিরিজ। সেগুলোর আছে সুনির্দিষ্ট ভক্ত-দর্শক। নতুন সিরিজ হিসেবে থরের সাফল্য অবশ্যই ঈর্ষণীয়। ধারণা করা হচ্ছে, গত বছর মুক্তি পাওয়া দ্য অ্যাভেঞ্জার্স-এর সাফল্যগতিতে ভর করেই থর ছুটছে। দ্য অ্যাভেঞ্জার্স-এ আরও অনেক সুপারহিরোর সঙ্গে পৃথিবী বাঁচানোর মিশনে নেমেছিল থরও। সেই ছবি আয় করেছিল ১৫০ কোটি ডলারেরও বেশি!
বক্স অফিস বিশেষজ্ঞ রে সাবার্স বলেছেন, দ্য অ্যাভেঞ্জার্স সারা বিশ্বের মানুষই দেখেছে, পছন্দও করেছে। এর চরিত্রগুলোই তাই পরবর্তী একক ছবিতে ভালো সাড়া পাচ্ছে।
এই ছবি হলিউডে আসনটা আরও পোক্ত করবে হেমসওয়ার্থের জন্য। মাত্র চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারেই কোটি কোটি ভক্ত, তার চেয়েও বেশি ‘ভক্তি’ জুটিয়ে ফেলেছেন এই ৩০ বছর বয়সী। শেন ওয়ার্নেল শহর মেলবোর্নে জন্ম নেওয়া হেমসওয়ার্থ পর্দায় যতই সুপারহিরোগিরি করুন, পর্দার বাইরে কিন্তু একেবারেই সাদামাটা এক তরুণ। রসবোধটাও তাঁর বেশ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের হাতের আঙুলে বাঁধা ব্যান্ডেজ দেখিয়ে বলেছেন, ‘আমি আদা কুচি কুচি করে কাটছিলাম। সে সময়ই কয়েকটা আঙুল কেটে ফেলি। বললে হয়তো ভালোই লাগত যে ছিনতাইয়ের মুখে থাকা এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আঙুল কেটেছে। কিন্তু সত্যিটা হলো, আমি রান্না করছিলাম।’
থর তাঁকে অবিস্মরণীয় সাফল্য এনে দিয়েছে। যশখ্যাতির হাত ধরে এসেছে বিত্তও। কিন্তু থর-এর বৃত্তে আটকা পড়তে চান না এই অভিনেতা। কমিকের ফ্যান্টাসি দুনিয়া থেকে বের হওয়ার চেষ্টাও করেছেন। বিউটিফুল মাইন্ড দিয়ে দর্শকের মনোজগতে তোলপাড় করে দেওয়া পরিচালক রন হাওয়ার্ডের রাশ ছবিতে অভিনয় করেছেন। ফর্মুলা ওয়ান রেসার জেমস হান্টের জীবনের সত্যিকারের গল্প নিয়ে ছিল ছবিটি। বক্স অফিসে যদিও তেমন সাড়া ফেলতে পারেনি রাশ।
তবে এ নিয়ে আক্ষেপ নেই। সব ছবিই ব্যবসায়িক সাফল্য এনে দেবে, এমনটা ভাবাও বোকামি!
l রাজীব হাসান
এএফপি ও হলিউড রিপোর্টার অবলম্বনে