থাই রাজাকে নিয়ে ছবি করছে আর্য ও শিরোপা
আজকের থাইল্যান্ডের পেছনে রাজা ভূমিবলের রয়েছে নানামুখী ভূমিকা। রাজার গুরুত্বপূর্ণ সব অবদানের কারণেই এশিয়ার এ দেশটি আজ বিশ্বের কাছে খুব পরিচিত। রাজার সেসব অবদানকে চলচ্চিত্রে রূপ দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফিল্ম এক্সপো এশিয়া। তাদের উদ্যোগে আগামী এক মাসে তৈরি হবে ৯৯টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রতিটি ছবির দৈর্ঘ্য হবে সাত মিনিট। আর তা তৈরি করবেন বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে পরিচিত নানা বয়সী নির্মাতারা। একটি ছবি নির্মাণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের দুই খুদে নির্মাতা আর্য ও শিরোপাকে। এরই মধ্যে তাদের ছবিটির চিত্রনাট্য অনুমোদন পেয়েছে। ছবির নাম ক্রিয়েটার অব এ ড্রিমল্যান্ড। ছবিগুলো তৈরির ব্যাপারে আর্থিক সহযোগিতা দিচ্ছে থাইল্যান্ড সরকার। আর্য ও শিরোপা ভাইবোন। তারা এখন রাঙামাটিতে। ছুটিতে বেড়াতে গেছে সেখানে। জানাল, সেখান থেকে ফিরে তারা থাইল্যান্ড যাচ্ছে। ২৪ জুন থেকে কাজ শুরু করতে হবে। পুরো কাজ হবে সেখানেই। এ সময় তারা থাইল্যান্ড থেকে সহকারী ও গাইড নেওয়ার সুযোগ পাবে। আর ছবিটি জমা দিতে হবে ১১ জুলাইয়ের মধ্যে। শিরোপা জানায়, ছবির নেপথ্যে থাকবে তারই কথা। আর সম্পাদনার কাজটিও তাদের দুজনকেই করতে হবে।আর্য জানিয়েছে, এরই মধ্যে তারা ছবি তৈরির সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।