ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হয়েছে বাংলাদেশের শিল্পীদের আর্ট ক্যাম্প। উত্তরার গ্যালারি কায়া দ্বিতীয়বারের মতো সাত দিনের এ আর্ট ক্যাম্পের আয়োজন করেছে। আর্ট ক্যাম্পে বাংলাদেশের শিল্পীরা ভুটানের মানুষ, প্রকৃতি ও পরিবেশের মধ্য থেকে ছবি আঁকার উপকরণ খুঁজবেন। গতকাল বৃহস্পতিবার এ আর্ট ক্যাম্প শুরু হয়েছে। চলবে বুধবার পর্যন্ত।
থিম্পু থেকে গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী বলেন, এই আর্ট ক্যাম্পে বাংলাদেশের তরুণ শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়েছে। রয়েছেন বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী। আমাদের শিল্পীরা এই নতুন পরিবেশে নিশ্চয়ই তাঁদের ক্যানভাসে আকর্ষণীয় কিছু ফুটিয়ে তুলবেন—এটাই প্রত্যাশা।
ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা জানান, ভুটানের প্রকৃতি যে কাউকে আকর্ষণ করে। ভুটানের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে
এর শান্ত প্রকৃতি। যা বলে বোঝানো যাবে না।
আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীরা হলেন জামাল আহমেদ, রণজিৎ দাস, তরুণ ঘোষ, আশরাফুল হাসান, নগরবাসী বর্মণ, আনিসুজ্জামান, শাফিন ওমর, কামাল উদ্দিন, শেখ মো. রোকনুজ্জামান, সোহাগ পারভেজ, রুহুল আমিন তারেক, শাহনুর মামুন।
উল্লেখ্য, গ্যালারি কায়ার আয়োজনে ভুটানে প্রথম আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালে।