থিয়েটার আর্ট ইউনিটের উৎসবে ২১টি নাটক
দুই দশক পূর্তি উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ১১ দিনের এ উৎসব শুরু হচ্ছে আজ। থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী জানান, উৎসবে অংশ নিচ্ছে ভারতের কলকাতার স্বপ্নসন্ধানী, মুর্শিদাবাদের ঋত্বিক ও রঙ্গাশ্রম, ভূপালের রং বিদূষক এবং নেপালের কাঠমান্ডুর মান্দালা থিয়েটার। বাংলাদেশের নাটকের দলগুলো হলো: থিয়েটার আর্ট ইউনিট, থিয়েটার (বেইলি রোড), সুবচন নাট্য সংসদ, আরণ্যক নাট্যদল, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট, পালাকার, থিয়েটারওয়ালা রেপার্টরি, সময়, প্রাঙ্গণেমোর, সিএটি ও পাবনার চাটমোহরের সমন্বয়ক থিয়েটার। উৎসবে মোট ২১টি নাটক মঞ্চস্থ হবে।আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা নাটকের দুই কীর্তিমান পুরুষ বিভাস চক্রবর্তী ও সৈয়দ শামসুল হককে সংবর্ধনা দেওয়া হবে।এদিকে জাতীয় নাট্যশালার বাইরে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। এর মধ্যে থাকবে ঢাক-ঢোলের যুদ্ধ, জারিগান, লাঠিখেলা, লালনের গান, শাহ আবদুল করিমের গান এবং এস এম সোলায়মান স্মারক প্রদর্শনী। উৎসবের তৃতীয় দিন আগামী শুক্রবার সকালে সেমিনার হবে। এ ছাড়া এবার এস এম সোলায়মান প্রণোদনা দেওয়া হবে সমন্বয়ক থিয়েটারকে।