থিয়েটার আর্ট ইউনিটের মুক্তিযুদ্ধের নাট্যোৎসব
থিয়েটার আর্ট ইউনিট সময়ের প্রয়োজনে নাটকটি মঞ্চে এনেছিল ১৯৯৫ সালের ২৪ জুলাই। এবার নাটকটির ৫০তম প্রদর্শনী হবে। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের নাট্যোৎসবের আয়োজন করেছে থিয়েটার আর্ট ইউনিট। আগামী ৯ থেকে ১৪ জুলাই জাতীয় নাট্যশালার মূল হল ও পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে উৎসবের নাটকগুলো।জহির রায়হানের গল্প অবলম্বনে সময়ের প্রয়োজনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। তিনি জানান, গত রোববার উৎসবের সবকিছু চূড়ান্ত করা হয়েছে।এ ধরনের উৎসব আয়োজনের বিষয়ে মোহাম্মদ বারী বলেন, ‘সময়ের প্রয়োজনে নাটকটি পুরোপুরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। এমন একটি নাটকের ৫০তম প্রদর্শনী হবে; সেটা উদ্যাপন করা, পাশাপাশি মুক্তিযুদ্ধের যে নাটকগুলো এখন নিয়মিত প্রদর্শিত হচ্ছে, সেগুলো একসঙ্গে এ প্রজন্মের দর্শকদের জন্য নিয়ে আসা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা নতুন প্রজন্মের জন্য এখন সময়ের প্রয়োজন।’মোহাম্মদ বারী আরও বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জের মঞ্চে নিয়মিত প্রদর্শিত হওয়া মুক্তিযুদ্ধের ১০টি নাটক উৎসবে মঞ্চস্থ হবে।থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে ছাড়া উৎসবের অন্য নাটকগুলো হলো: নাগরিক নাট্যাঙ্গনের সেইসব দিনগুলি, প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, ঢাকা পদাতিকের কথা ’৭১, থিয়েটারের বলদ, ঐকিক থিয়েটারের ঠিকানা, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের খেতমজুর খইমুদ্দিন, উদীচীর বৌবসন্তি, থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল ও মহাকাল নাট্যসম্প্রদায়ের ঘুম নেই।উৎসবে মূল হলের বাইরে প্রতিদিন সন্ধায় থাকছে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শনী।