দিনটি শুক্রবার। আর শুক্রবার মানে জমজমাট পরিবেশের অবতারণা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণজুড়ে। সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালার সামনের জায়গাটা লোকে লোকারণ্য। উপলক্ষ বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী নাট্যোৎসব। বিভিন্ন নাট্যদল পরিবেশন করছে নাচ, গান, আবৃত্তি ও নাট্যাংশের বিরাট আসর। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর চলে গেলাম জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায়। সেখানে চারটি মহড়াকক্ষে চলছে চার নাট্যদলের নতুন-পুরোনো চারটি নাটকের মহড়া। একগাদা জুতার স্তূপ ১ নম্বর মহড়াকক্ষের সামনে। দরজার ফাঁক দিয়ে দেখলাম ভেতরে অনেক লোক। গুনগুন রবীন্দ্রসংগীতের শব্দ এবং টুংটাং গিটারের শব্দ। এরই মধ্যে ঢুকে পড়লাম মহড়াকক্ষে। একদিকে রবীন্দ্রসংগীতের ধ্বনি, অন্যদিকে গিটারের তারের টুংটাং শব্দে কিছুটা গোলমাল বেধে গেল নিজের কাছে। চোখ ঘোরাতেই দেখি মহড়াকক্ষের শেষ প্রান্তে থিয়েটারওয়ালা নাট্যযজ্ঞের সুন্দর শাল পরে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ বারী—অর্থাৎ, থিয়েটার আর্ট ইউনিটের প্রধান সমন্বয়কারী। কিছুটা উচ্চকণ্ঠে বলে উঠলেন, সবাই স্ট্যান্ড বাই। থমথমে পরিবেশ। পিনপতন নীরবতা। শুরু হচ্ছে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিটের ১৭তম প্রযোজনা শেষের কবিতা নাটকের মহড়া। ফার্স্ট বেল, সেকেন্ড বেল ও থার্ড বেলের সংকেত দিচ্ছেন মোহাম্মদ বারী। এরই মধ্যে মিউজিকে সমস্যা। মিউজিক টিমের দিকে কটমট চোখে তাকালেন নাটকের সংগীত পরিচালক সেলিম মাহবুব। নাটকের প্রথম দৃশ্যের সেট সাজালেন মোহাম্মদ বারী। শাহীনুর রহমানের তৈরি বিশাল সেট। মঞ্চে প্রবেশ করে শোভন লাল ও লাবণ্য চরিত্র। প্রথম দৃশ্যেই দুটি চরিত্রের সম্পর্কের টানাপোড়েন। মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কথায় আছে না, ‘মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে’—ঠিক যেন তাই-ই হলো। মঞ্চে আসে নাটকের প্রধান পুরুষ চরিত্র অমিত রায়। অক্সফোর্ডে পড়ুয়া পাশ্চাত্য ভাবধারার প্রতি অনুরাগী তরুণ অমিত। বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছেন গঙ্গারপাড়ে, পিকনিকে। সবাই খুশিতে আত্মহারা। কেউ করছেন রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি, কেউ বা গাইছেন গান। আবার কেউ কেউ গিটার হাতে হইহুল্লোড়ে ব্যস্ত। তখনই বুঝলাম, মহড়াকক্ষে ঢুকে রবীন্দ্রসংগীতের ধ্বনি আর গিটারের টুংটাং শব্দে কেন গোলমালটা বেধেছিল। তারপর এগোতে থাকে নাটকের গল্প। বন্ধুরা সিদ্ধান্ত নেয়, সমুদ্রে যাবে। আপত্তি করেন অমিত রায়। তবু বন্ধুরা চলে যান সমুদ্রজলে, অগত্যা অমিত একা চলে যান শিলং পাহাড়ের পাদদেশে। পরিচয় হয় নাটকের প্রধান নারী চরিত্র লাবণ্যের সঙ্গে। পরিচয় থেকে যখন প্রণয়ের দিকে মোড় নেয় অমিত-লাবণ্যের সম্পর্ক, তখন শুরু হয় নতুন সংকট। লাবণ্যের বাড়িতে এসে হাজির হন অমিতের প্রাক্তন প্রেমিকা কেতকী। হাতে সিগারেট, পায়ে উঁচু হিল, সহজে বোঝা গেল অমিতের অক্সফোর্ড-পড়ুয়া বান্ধবী কেতকী। সিগারেটটা কেতকীর হাতের তর্জনী ও মধ্যাঙ্গুলির মাঝখানে বেশ দেখাচ্ছিল। কিন্তু সিগারেটটা মুখে দিয়ে যখন ম্যাচের কাঠিতে আগুন ধরালেন, ঠিক তখনই আমি জোরে বলে উঠলাম ‘উল্টা’! সবাই হো হো করে হেসে উঠলেন কেতকীর উল্টোভাবে সিগারেট ধরানোর ব্যাপারটিতে। যাক, কেতকীর আবির্ভাবে অমিত-লাবণ্যের সম্পর্কের টানাপোড়েনে সবাই কষ্ট পাচ্ছিলেন, তখন সেই কেতকীই একটা মজার কাণ্ড ঘটিয়ে সবাইকে তৃপ্ত করলেন। কিন্তু তাতে তো আর নাটকের গল্প থেমে থাকবে না। লাবণ্যের জীবনে আবার সম্পর্কের দুঃসময়। নিজেদের সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি অমিত-লাবণ্য। ‘আশ্চর্য নরম সুরে তুমি আশ্চর্য কঠিন কথাটি বলতে পারো’—অমিত রায়ের কণ্ঠে সংলাপটি শুনতেই বুঝতে আর দেরি হলো না যে দুজনই তাঁদের সম্পর্কের শেষ প্রান্তে দণ্ডায়মান। অমিত রায় ফিরে যান কলকাতায় তাঁর নিজের বাড়িতে। আবার বন্ধুদের সঙ্গে মিললেও নেই আগের মতো প্রাণচঞ্চলতা কিংবা পাশ্চাত্যের প্রতি অনুরাগ। বন্ধু দানেশের কণ্ঠে শুনতে চান রবি ঠাকুরের গান। অন্যদিকে লাবণ্য ছুটে যান তাঁর ক্লাসমেট বন্ধু শোভন লালের কাছে। তবে এবার বন্ধুর বেশে নয়, প্রেমিকার বেশে। বন্ধু থেকে প্রেম নিবেদনে প্রত্যাখ্যাত শোভন লাল অবশেষে লাবণ্যের প্রেমিক। ভেসে আসে শেষের কবিতার কিছু অংশ, ‘কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও...’। ধীরে ধীরে কাপড়ের ব্যবহারে দাঁড়িয়ে যায় কতগুলো প্রতিকৃতি। তার ওপর সুদীপ চক্রবর্তীর আলোর ব্যবহার। অন্য রকম এক দৃশ্যের অবতারণা হয়। বেজে উঠে সেই গান, ‘এ মণিহার আমার...’।