জাতীয় নাট্যশালার মূল প্রবেশপথে বিশাল সাজানো তোরণ। পাশেই বড় ব্যানারে ১০ দিনের নাটকের সময়সূচি। সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে যেতে দেখা গেল বিচিত্র পোস্টার, ব্যানার। ডিজিটাল পর্দায় থিয়েটার আর্ট ইউনিটের বিভিন্ন সময়ের কর্মতৎপরতার ভিডিওচিত্র। এসব মিলিয়ে থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবের বিশালতার প্রমাণ মিলল মিলনায়তনে প্রবেশের আগেই।দুই দশক পূর্তি উপলক্ষে থিয়েটার আর্ট ইউনিট ‘রঙ্গ হর্ষে বিংশ বর্ষে’ স্লোগান নিয়ে আয়োজন করেছে আন্তর্জাতিক নাট্যোৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ১১ দিনের এই উৎসব শুরু হয়েছে গতকাল বুধবার। জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ শামসুল হক ও পশ্চিম বাংলার বিভাষ চক্রবর্তীকে নাট্যকার ও নির্দেশক হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়। উদ্বোধনের আনুষ্ঠানিকতার পর পশ্চিমবঙ্গের স্বপ্নসন্ধানী দলের প্রযোজনা ম্যাকবেথ এবং পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হয় থিয়েটারের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।গতকাল বুধবার নাটক শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, আতাউর রহমান, মামুনুর রশীদ, ভারতের মধ্যপ্রদেশের নাট্য নির্দেশক বানসি কূল। বক্তৃতা, সম্মাননা প্রদান এবং উদ্বোধনী ঘোষণার পর নৃত্যের সঙ্গে সংগীত পরিবেশন করেন দলের কর্মীরা।উৎসবের প্রথম দিন জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ স্বপ্নসন্ধানী দলের প্রযোজনা ম্যাকবেথ নাটকটি নির্দেশনা দিয়েছেন কৌশিক সেন। রূপান্তর করেছেন উজ্জ্বল চট্যোপাধ্যায়। থিয়েটারের (বেইলি রোড) পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। নবনির্মাণ সুদীপ চক্রবর্তী।এবারের উৎসবে অংশ নিচ্ছে ভারতের কলকাতার স্বপ্নসন্ধানী, মুর্শিদাবাদের ঋত্বিক ও রঙ্গাশ্রম, ভূপালের রং বিদূষক এবং নেপালের কাঠমান্ডুর মান্দালা থিয়েটার। বাংলাদেশের নাটকের দলগুলো হলো থিয়েটার আর্ট ইউনিট, থিয়েটার (বেইলি রোড), সুবচন নাট্য সংসদ, আরণ্যক নাট্যদল, নাট্যকেন্দ্র, নাগরিক নাট্য সম্প্রদায়, প্রাচ্যনাট, পালাকার, থিয়েটারওয়ালা রেপার্টরি, সময়, প্রাঙ্গণেমোর, সিএটি ও পাবনার চাটমোহরের সমন্বয়ক থিয়েটার। উৎসবে মোট ২১টি নাটক মঞ্চস্থ হবে।এদিকে জাতীয় নাট্যশালার বাইরে প্রতিদিনই থাকবে নানা আয়োজন। এর মধ্যে থাকবে ঢাকঢোলের যুদ্ধ, জারিগান, লাঠিখেলা, লালনের গান, শাহ আবদুল করিমের গান এবং এস এম সোলায়মান স্মারক প্রদর্শনী। উৎসবের তৃতীয় দিন আগামী শুক্রবার সকালে সেমিনার হবে। এ ছাড়া এবার এস এম সোলায়মান প্রণোদনা দেওয়া হবে সমন্বয়ক থিয়েটারকে।