ঢাকার মঞ্চে যেকোনো নাটকেরই শততম মঞ্চায়ন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। রাঢ়াঙ এখন ৯৬-এ। আর মাত্র চারটি প্রদর্শনী শেষ হলেই শততম মঞ্চায়ন হবে নাটকটির। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। এখানে পুল্য চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। আজ তাঁর সাক্ষাৎকার।রাঢ়াঙ নাটকটি শততম মঞ্চায়নের দিকে যাচ্ছে। নাটকটির একজন অভিনেতা হিসেবে আপনার অনুভূতি কেমন?সেই শুরু থেকে সব প্রদর্শনীতেই কাজ করে আসছি। তবে মাঝখানে নাটকটির পাঁচ-ছয়টি প্রদর্শনীতে কাজ করতে পারিনি। সবচেয়ে বড় কথা, নাটকটি ঢাকার মঞ্চে এখন তুমুল জনপ্রিয়। সেই নাটকটির শততম মঞ্চায়ন হতে যাচ্ছে। অবশ্যই ভালো লাগছে।নাটকে পুল্য চরিত্রটিকে আপনি কীভাবে দেখছেন?চরিত্রটি আমার কাছে খুবই প্রিয়। চরিত্রটির মধ্যে অনেক ইমোশন আছে। পুল্য সাঁওতাল বিদ্রোহ ও আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলে। সাঁওতাল জাতিগোষ্ঠীর অধিকারের বিষয়টি বুঝতে পারে, বোঝার চেষ্টার করে। কিন্তু সাঁওতালদের অনেকেই তা বোঝে না। অধিকার আদায়ের আন্দোলনে সাঁওতালদের কিছু মানুষ একত্র হয়। কিন্তু পুল্যরা তেমন কিছুই করতে পারে না। একসময় পুল্যর মতো আলফ্রেড সরেনও আসে। সেও পুল্যর মতো আন্দোলনে নামে। কিন্তু শেষ পর্যন্ত পরাজিতই থেকে যায়।আরণ্যকের চলতি নতুন প্রযোজনা এবং বিদ্যাসাগর, শত্রুগণ নাটকে আপনাকে দেখা যায়নি। মঞ্চে কাজ কমিয়ে দিচ্ছেন কি?মঞ্চনাটকের ক্ষেত্রে নিয়মিত সময় না দিলে কাজ করা উচিত নয়। তা না হলে থিয়েটারের সঙ্গে প্রতারণা করা হবে। নিজের জীবন-জীবিকার কারণে অনিচ্ছাকৃতভাবে দলের নতুন নাটকে কাজ করতে পারিনি। থিয়েটার তার নিজের গতিতে চলে। থিয়েটারের গতিতে কেউ তাল মেলাতে না পারলে সে ছিটকে পড়বে। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, থিয়েটারকর্মী তৈরি হয় ছাত্রাবস্থা থেকে। একসময় ছাত্রত্ব শেষ হয়ে যায়, সংসারজীবনে প্রবেশ করে, তখন অর্থনৈতিক বিষয়টি চলে আসে। ফলে থিয়েটারের পেশাদারব্যবস্থা না থাকার কারণে অনেক মঞ্চকর্মীই ঝরে পড়ে।ভবিষ্যতে থিয়েটার থেকে সরে আসার সম্ভাবনা আছে কি?এখনই বলা যাচ্ছে না। থিয়েটারে কোনো টাকাপয়সা নেই, কিন্তু কাজ করতে তো ভালো লাগে। ২২ বছর ধরে এখানে কাজ করছি। এখনো দলের চলতি তিনটি প্রযোজনা রাঢ়াঙ, ময়ূর সিংহাসন ও সংক্রান্তি নাটকে কাজ করছি। জীবন-জীবিকার কারণে হয়তো দলের সব কটি প্রযোজনায় টানা কাজ করতে পারছি না। কিন্তু থিয়েটার ছাড়তে পারব না। যদি আমাদের এখানে নিয়মিত পেশাদার থিয়েটারের চর্চা থাকত, তাহলে অনেকেই থিয়েটার থেকে জীবন-জীবিকা চালিয়ে নিয়ে নিয়মিত থিয়েটারচর্চা করতে পারত।