থিয়েটার নিয়ে কাজ করে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপ্তা রক্ষিত
দীপ্তা রক্ষিত

থিয়েটার আর্ট ইউনিটের আমিনা সুন্দরী, পালাকার স্টুডিও থিয়েটারের বাংলার মাটি বাংলার জল নাটক দুটিতে নিয়মিত অভিনয় করছেন দীপ্তা রক্ষিত। তবে লাভলী নামেই তাঁকে চেনেন সবাই। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

থিয়েটার আর্ট ইউনিটের নিয়মিত নাট্যকর্মী হিসেবে আপনি পালাকারের নাটকেও অভিনয় করছেন। সমস্য হচ্ছে না?
ঢাকার অন্য দলগুলোর ক্ষেত্রে দেখা যায়, এক দলে কাজ করলে অন্য দলে কাজ করার সুযোগ কম। কিন্তু থিয়েটার আর্ট ইউনিটের বেলায় এই সমস্য নেই। তবে দলের সঙ্গে সমন্বয় করেই দলের বাইরে কাজ করতে হয়। আমার দল থিয়েটার আর্ট ইউনিটে আমিনা সুন্দরী নাটকে অভিনয় করছি। দলে কাজের শিডিউল ঠিক রেখেই পালাকারের কাজটি করছি।

আপনি আগে চট্টগ্রামের গণনায়ন নাট্যসম্প্রদায়ে কাজ করতেন। এরপর ঢাকায় এসে কাজ শুরু করেছেন। ঢাকার নাট্যচর্চার সঙ্গে চট্টগ্রামের নাট্যচর্চার কোনো পার্থক্য চোখে পড়ে কি?
তা একটু পড়ে। চট্টগ্রামে যাঁরা থিয়েটার করছেন, তাঁদের ভাবনা থিয়েটারকে ঘিরেই। থিয়েটার করলে কিছু পেতে হবে, এমন ভাবনা তাঁদের মধ্যে নেই। কিন্তু ঢাকার থিয়েটারে দেখা যায়, থিয়েটার করে মিডিয়ায় কাজের সুযোগ পেতে হবে এমন ভাবনা অনেক কর্মীর মধ্যে লক্ষ করা যায়। চট্টগ্রামে থিয়েটার করতে গিয়ে দেখেছি, সঠিক সময়ে মহড়া শুরু হয়। কিন্তু এখানে অনেক দলেই দেখা যায়, মিডিয়ায় কাজের ব্যস্ততার কারণে কারও না কারও জন্য সঠিক সময়ে মহড়া শুরু করতে পারে না।

আপনার কী মনে হয়, বর্তমান সময়ে ঢাকার বাইরে থিয়েটার আন্দোলন ঝিমিয়ে পড়েছে?
তা তো একটু মনে হয়ই। কেননা, ঢাকায় নাটক করার ক্ষেত্রে যেসব সুযোগ-সুবিধা পাওয়া যায়, তা ঢাকার বাইরে পাওয়া যায় না। ঢাকার বাইরে থিয়েটারের কোনো পৃষ্ঠপোষকতা নেই। ঢাকার বাইরে শিল্পকলাকেন্দ্রিক এখনো কোনো আধুনিক মিলনায়তন গড়ে ওঠেনি। ঢাকায় এক মিলনায়তন বরাদ্দ না পাওয়া গেলে আরেকটি মিলনায়তনে যাওয়ার সুযোগ আছে। কিন্তু ঢাকার বাইরে মিলনায়তন সমস্যার কারণে সেই সুযোগ নেই। তাছাড়া ঢাকার বাইরে নাট্য নেতৃত্বেরও কিছুটা অভাব সৃষ্টি হয়েছে।


কখন থিয়েটারে যোগ দিলেন?
আমার পারিবারিক পরিমণ্ডল আগে থেকে থিয়েটারে বিচরণ ছিল। আমার মা গান, থিয়েটার, নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে থিয়েটারে যোগ দিই। ১৯৮৮ সালে গণনায়ন নাট্যসম্প্রদায়ে শেষ সংলাপ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আমার থিয়েটারে যাত্রা। এরপর করেছি অতিকায় অজগর, ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল। পরে নান্দীমুখ নাট্যদলে যোগ দিই। ওখানে দূর রজনীর স্বপন, বেলা-অবেলার গল্প নাটকে অভিনয় করি। ২০০৮ সাল থেকে কাজ করছি থিয়েটার আর্ট ইউনিটে।

থিয়েটার নিয়ে নিজের ভাবনা কী?
ভাবনা একটাই—থিয়েটার নিয়ে কাজ করে যেতে চাই। তা অভিনয় কিংবা থিয়েটারে যেকোনো কাজের মধ্য দিয়ে এই জায়গাটিতে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। কাজ করব বলেই কিন্তু চট্টগ্রাম থেকে কর্মসূত্রে ঢাকায় আসার পরেও থিয়েটার ছাড়িনি।