থিয়েটার পত্রিকার চল্লিশ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমিতে আয়োজিত থিয়েটার সপ্তাহের শেষ দিনে হলো থিয়েটার পত্রিকার চল্লিশ বছর গ্রন্থের ওপর আলোচনা। নাট্যদল থিয়েটার প্রকাশিত নাট্যপত্রিকা থিয়েটার নিয়ে এ গবেষণা গ্রন্থটি লিখেছেন ভারতের পশ্চিমবঙ্গের লেখক-সম্পাদক প্রভাত কুমার দাস।

গতকাল বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে আয়োজিত আলোচনায় প্রথমে থিয়েটার পত্রিকার সম্পাদক রামেন্দু মজুমদার গ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে বলেন। গ্রন্থটির প্রকাশক সাহিত্য প্রকাশের কর্ণধার মফিদুল হক বলেন, ৩৫ তোপখানা রোডের অফিস থেকে থিয়েটার পত্রিকা প্রকাশিত হতো। ৪৪ বছর ধরে নাটক নিয়ে এমন একটি পত্রিকা বের হচ্ছে, এটা খুবই গৌরবের ব্যাপার। পত্রিকা নিয়ে এ গবেষণাগ্রন্থে স্বাধীন বাংলাদেশের ইতিহাসও পাওয়া যাবে।

বক্তব্য দেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, মামুনুর রশীদ, অধ্যাপক আবদুস সেলিম, অধ্যাপক শফি আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর।

লক্ষ করুন: গতকাল সংস্কৃতি সংবাদে ভুলবশত ছাপা হয়েছে ‘১৯৭১ সালের ডিসেম্বরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে প্রায় ১০ হাজার মানুষ হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা।’ ঘটনাটি ঘটেছিল ২০ মে। অনাকাঙ্ক্ষিত এই ভুলের জন্য আমরা দুঃখিত।