থিয়েটার পুণ্যভূমির ‘মাকড়সা’
‘এখনো দেয়ালের কোণে জাল বোনে বৃহৎ আকৃতির কয়েকটি মাকড়সা।’ কথকের কথকতায় মাকড়সা নাটকে এভাবেই ফুটে ওঠে সমাজের মাকড়সার প্রতিরূপ প্রভাবশালীদের হাতে বঞ্চনা আর নির্যাতনের শিকার অসহায় মানুষের জীবনগাথা।ঢাকার নতুন নাটকের দল ‘থিয়েটার পুণ্যভূমি’র প্রথম প্রযোজনা মাকড়সা। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যায় এ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। অধ্যাপক লুৎফর রহমান রচিত বর্ণনাত্মক রীতির এই নাট্য প্রযোজনার নির্দেশনা দিয়েছেন সংগঠনের আহ্বায়ক জুলফিকার হুসাইন।মাকড়সা নাটকটি মহানন্দপুর নামের একটি গ্রামের প্রেক্ষাপটে রচিত। এতে উঠে এসেছে সাধারণ মানুষের অসহায়ত্বের কথা। গ্রামের বৃদ্ধ মাতব্বর ভগবান দাস। মাকড়সার মতো তার বানানো জালে বন্দী তার যুবতী স্ত্রী বিন্দে দাসীসহ গ্রামের সাধারণ মানুষ। এক রাতের কীর্তনের আসরে কীর্তনিয়া যুবকের প্রেমে পড়ে বিন্দে দাসী। গ্রামের সাধারণ মানুষ একসময় ভগবানের জাল থেকে মুক্ত হওয়ার জন্য মহন্ত দাসের কাছে ধরনা দেয়। কীর্তনিয়া যুবকের হাত ধরে বিন্দে দাসীও হাজির হয় মহন্ত দাসের ঘরে। কিন্তু মহন্ত দাস বুনে আরেক নতুন জাল। সেই জালে ধরা দেয় এসব নিরীহ সহজ-সরল মানুষ। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বর্ণ পারুল, জুলফিকার হুসাইন, মাহমুদুল হাসান, জোবায়ের আসাদ, আবদুল মাজেদ, জুবায়ের মোস্তফা, সোহাগ আশরাফ, বিউটি আকবর, স্নিগ্ধা সাথী, জিপু বিশ্বাস, মাহবুব লেমন, সাগর আচার্য্য, ম হ সাগর, খাইরুল ওয়াসিম প্রমুখ।