থিয়েটার পূর্ণাঙ্গ শিক্ষার জায়গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাব্দী ওয়াদুদ—ঢাকার মঞ্চে জনপ্রিয় তরুণ অভিনেতাদের অন্যতম। শিশুনাটকের দল আর্তনাদ থিয়েটারের হয়ে মঞ্চে তাঁর অভিষেক। এরপর থিয়েটার সেন্টার। বর্তমানে প্রাচ্যনাট। তাঁর সাক্ষাৎকার।কোন ভাবনা থেকে থিয়েটারে যোগ দিয়েছিলেন?সেই সময় কোনো ভাবনাই ছিল না। ১৯৮৫-৮৬ সালের কথা। তখন আমি স্কুলে পড়ি। গ্রিন রোডে কোয়ার্টারে থাকাকালে কোয়ার্টারের কমিউনিটি সেন্টারে গান শেখার জন্য সবাই যেত। আমিও যেতাম। যেতে যেতে একদিন শিশুনাটকের দল আর্তনাদ থিয়েটারের টোকাই নামের একটি নাটকে অভিনয়ের সুযোগ হয়। দীপক চৌধুরীর লেখা নাটকটির নির্দেশনায় ছিলেন শহীদুল আলম সাচ্চু। পরে এই শিশু থিয়েটারটি থিয়েটার সেন্টার নামে বড়দের থিয়েটারে রূপ নেয়। আমি সেখানেও একাধিক নাটকে অভিনয় করেছি। এর মধ্যে ছিল ইদারা, কাহার, এবার রাজার পালা প্রভৃতি। এখানে ১৯৯৬ সাল পর্যন্ত কাজ করেছি। পরে ১৯৯৭ সালে প্রাচ্যনাটে যোগ দিই।কিন্তু যখন আপনি প্রাচ্যনাটে যোগ দিলেন, থিয়েটার নিয়ে তখনকার আবেগটা কেমন ছিল?তখন মনে হয়েছে, থিয়েটার আমাকে করতেই হবে। একবেলা ভাত খেতে না পারলেও থিয়েটার ছাড়া যাবে না। থিয়েটার তখন পুরো নেশা। মনে হয়েছে, থিয়েটার করে অভিনয় চালিয়ে যেতে হবে। সেই সময়ে একটি জিনিস মনে হয়েছিল, থিয়েটার করে যেতে পারলে পৃথিবীর কোথাও কোনোভাবে ঠেকতে হবে না। থিয়েটার একটি পূর্ণাঙ্গ শিক্ষার জায়গা।প্রাচ্যনাটের হয়ে এখন কী কী কাজ করছেন?প্রাচ্যনাটের প্রায় সব প্রযোজনায়ই অভিনয় করে আসছি। নাটকগুলো কোনো না কোনোভাবে মঞ্চে আছে—সার্কাস সার্কাস, কইন্যা, এ ম্যান ফর অল সিজনস, গন্ডার, রাজা এবং অন্যান্য প্রভৃতি।দীর্ঘ অভিনয়ের এই অভিজ্ঞতায় এখনো নির্দেশনায় আসছেন না কেন?এই বিষয়টি আমি খুবই ভয় পাই। অভিনয়ের এই ভ্রমণটা আমি উপভোগ করি। নির্দেশনা দেওয়াটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। নির্দেশনা দেন একজন। তিনি অবস্থান করেন একদিকে, আর অভিনয় করেন অনেকে। সেই দলটা অন্যদিকে অবস্থান করে। পুরো অভিনয় দলটিই একজন নির্দেশকের দিকে তাকিয়ে থাকে। পুরো নাটকটিই নির্দেশকের মাথায় থাকতে হয়। এটি বিশাল একটি কাজ। এই কাজটি সবার জন্য নয়। তবে কোনো দিনই যে নির্দেশনা দেব না, ঠিক তাও নয়। আরেকটু বয়স হোক, আরও অভিজ্ঞতা অর্জন করি, তারপর নির্দেশনা দেওয়ার কথা ভাবব।ঢাকার মঞ্চে তরুণ নির্দেশক, অভিনেতারা এখন এগিয়ে। আপনার কী মনে হয়?যদি নির্দেশনা আর অভিনয়ের কথা বলা হয়, তাহলে অবশ্যই এগিয়ে। বড়দের প্রতি সম্মান নিয়ে বলতে চাই, তাঁদের অনেকের কাজের চেয়ে অল্প সময়ের ব্যবধানে এখন তরুণদের কাজের সংখ্যা বেশি। সেদিক থেকে অবশ্য তরুণ নাট্যকারের অভাব রয়েছে। আর যদি মৌলিক নাটকের কথা বলা হয়, তাহলে আরও খারাপ অবস্থা। তারুণ্যনির্ভর অনেক দল এখন ভালো কাজ করছে। প্রাচ্যনাট, থিয়েটার আর্ট ইউনিট, পালাকার, সুবচন নাট্যসংসদ, প্রাঙ্গণেমোর, সময় প্রভৃতি দলের কথা বলা যায়।এখন অনেকেই টেলিভিশনে অভিনয়ের কারণে মঞ্চে আর সময় দিতে পারছেন না। কিন্তু আপনার বেলায় তার উল্টোটা। কীভাবে সময় বের করে নিচ্ছেন?কেউ যদি মঞ্চ ও টেলিভিশন দুটোকেই সম্মানের মনে করেন, তাহলে দুটো জায়গায়ই সময় বের করে নিয়ে কাজ করা যায়। আমি দুটো জায়গাকেই ভালোবেসে কাজ করি। আমি মনে করি, মঞ্চটা আমার নিজেকে শোধরানোর জায়গা, যেখান থেকে শিক্ষা নিয়ে জীবনকে এগিয়ে নেওয়া যাবে। আবার টেলিভিশনটা আমার কাছে বেঁচে থাকার জন্য আয়-রোজগারের জায়গা। দুটো জায়গাই গুরুত্বপূর্ণ। তাই দুটো জায়গাতেই সময় বের করে নিয়ে কাজ করছি। সে ক্ষেত্রে আমার দল আমাকে সহযোগিতা করছে। আরেকটি জিনিস ভাবতে হবে, আমার চাহিদা কতটুকু। কারও চাহিদা যদি প্রয়োজনের তুলনায় আকাশচুম্বী থাকে, তাহলে তো তাঁর দল তাঁকে সহযোগিতা করলেও তিনি মঞ্চে সময় দিতে পারবেন না। এটা যাঁর যাঁর নিজের ব্যাপার। আমার ক্ষেত্রে আমি মঞ্চ ও টেলিভিশনে আলাদা সময় বের করে নিয়ে দুই জায়গায়ই কাজ করে যেতে পারছি।