থিয়েটার মঞ্চের যুগপূর্তি উৎসব
সিরাজগঞ্জের অন্যতম নাট্যদল থিয়েটার মঞ্চের যুগপূর্তি উপলক্ষে ‘নাটক হোক মানবতার কল্যাণে’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে সিরাজগঞ্জের ভাসানী মিলনায়তনে। এ নাট্যোৎসবের উদ্বোধন হবে কাল শুক্রবার সন্ধ্যা সাতটায়। উদ্বোধন করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক নাট্যজন ম হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র মোকাদ্দেস আলী, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক জান্নাত আরা তালুকদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুব-এ-খোদা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন নাট্যোৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক রকিবুল কবির এবং সভাপতিত্ব করবেন আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ মিয়াকে ‘থিয়েটার মঞ্চ যুগপূর্তি সম্মাননা’ দেওয়া হবে। উদ্বোধনী দিনে সকাল সাড়ে ১০টায় যুগপূর্তি উপলক্ষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে এবং প্রতিদিন বিকেল চারটায় ভাসানী মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে লাঠিখেলাসহ লোকসংস্কৃতিভিত্তিক অনুষ্ঠান হবে। সন্ধ্যায় হবে নাটক মঞ্চায়ন। উদ্বোধনী দিন মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে শিখণ্ডী কথা।