থিয়েটারওয়ালার নাট্যযজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটারওয়ালার যাত্রা শুরু হয়েছিল ১৯৯৮ সালের ৪ নভেম্বর। ইতিমধ্যে পত্রিকাটির এক যুগ পূর্ণ হয়েছে। এবার থিয়েটারওয়ালা আয়োজন করেছে আট দিনব্যাপী নাট্যোৎসবের। নাট্যোৎসবের নাম ‘ফয়েজ জহির-আজাদ আবুল কালাম-শুভাশিস সিনহা নাট্যযজ্ঞ ২০১১’। এই তিন নাট্যনির্দেশক এরই মধ্যে নাটকের নির্দেশনা দিয়ে প্রশংসিত হয়েছেন। নাট্যোৎসবের আহ্বায়ক মোহাম্মদ বারী জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ হলে থিয়েটারওয়ালা নাট্যযজ্ঞের উদ্বোধন হবে ৫ মে সন্ধ্যা ছয়টায়।গম্ভীরা, লাঠিখেলা ও মণিপুরি নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে উত্তরীয় পরিয়ে বরণ করা হবে এই তিন নাট্যনির্দেশককে। উৎসবে মঞ্চস্থ হবে তিন নির্দেশকের আটটি নাটক। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে আজাদ আবুল কালামের নির্দেশনায় উদীচীর নাটক হাফ আখড়াই। এ ছাড়া মঞ্চস্থ হবে ঢাকার বাঙলা থিয়েটারের চের সাইকেল, প্রাচ্যনাটের কইন্যা, মণিপুরি থিয়েটারের শ্রীকৃষ্ণকীর্তন, থিয়েটারওয়ালা রেপার্টরির শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস, চট্টগ্রামের নান্দীমুখের ঊর্ণাজাল এবং যশোরের বিবর্তন নাট্যদলের কৈবর্তগাথা। প্রতিদিন একটি করে নাটক মঞ্চস্থ হবে।থিয়েটারওয়ালা নাট্য পত্রিকার সম্পাদক হাসান শাহরিয়ার বলেন, নাট্যচর্চাকে প্রাণবন্ত করার জন্য থিয়েটারওয়ালা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। রঙ্গমাতন সোলায়মান মেলা, বিশ্বসেরা নাটকের পাঠচক্র, নাট্যকার ও নির্দেশকের মুখোমুখি অনুষ্ঠান বিশেষ উল্লেখযোগ্য। তিনি আরও বলেন, এ আয়োজন দেশের নাট্যচর্চার ক্ষেত্রে তরুণ নাট্যকার ও নির্দেশকদের অনেক উদ্দীপ্ত করবে। ৬ মে শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত হবে সরাসরি দর্শকের মুখোমুখি তিন নির্দেশকের বৈঠক। উৎসবটি শেষ হবে ১২ মে। সমাপনী দিনে তিন নির্দেশককে উৎসব-ক্রেস্ট প্রদান করা হবে।