ঢাকার মঞ্চে যে কয়েকজন নারী-নির্দেশক, অভিনেতা রয়েছেন, তাঁদের মধ্যে নূনা আফরোজ উল্লেখযোগ্য একজন। রবীন্দ্রনাথের স্বদেশী এবং রক্তকরবী দুটি নাটকই তাঁর হাত দিয়ে মঞ্চে এসেছে। জানালেন, এরই মধ্যে রক্তকরবী নাটকটির মঞ্চায়ন ২৫-এর পথে।
থিয়েটারে অনেক সময় দিতে হয়
রক্তকরবী নাটকের শিগগিরই ২৫তম মঞ্চায়ন হবে। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?রক্তকরবী নাটকের ইতিমধ্যে ২৩টি প্রদর্শনী হয়েছে। আমরা নাটকটিকে খুব সহজ করে দর্শকের কাছে উপস্থাপন করেছি। অনেকই রক্তকরবী নাটকের কথা শুনলে ভয় পান, নাটকটিকে কঠিন মনে করেন; কিন্তু আমরা দর্শকের সেই ভয় কাটিয়ে তাদের কাছে যেতে পেরেছি। ঢাকার মঞ্চে নাটকটির গ্রহণযোগ্যতা অনেক। চারটি প্রযোজনা আমরা নিয়মিত করে আসছি। তা না হলে আরও আগেই ২৫তম প্রদর্শনী করতে পারতাম। আশা করছি, আগামী মাসের মধ্যেই তা পারব।গত ডিসেম্বর মাসে রক্তকরবী নাটক নিয়ে আপনারা ভারত সফর করেছেন। ওখানে দর্শক নাটকটিকে কীভাবে নিয়েছেন?নাটকটি নিয়ে দেশের বাইরে ভারতে প্রথম সফর ছিল এটি। বহরমপুর, কল্যাণী, রঘুনাথগঞ্জে আমরা নাটকটির প্রদর্শনী করেছি। বহরমপুর ও কল্যাণীতে উপচে পড়া দর্শকের ভিড় ছিল। এখানে নাটক শেষে দর্শকের সঙ্গে মতবিনিময় করার সুযোগ ছিল। বিভিন্ন বয়সের দর্শক ছিল। যাঁদের অনেকেরই শম্ভু মিত্র, সুমন বন্দ্যোপ্যাধায়ের রক্তকরবী নাটকটি দেখা ছিল। মতবিনিময়ে অনেকই বলেছেন, দ্বিধা নিয়ে নাটকটি দেখতে এসেছিলাম, কিন্তু তৃপ্ত হয়ে ফিরে যাচ্ছি। এটাই ছিল আমাদের বড় পাওয়া।বর্তমান সময়ে ঢাকার মঞ্চে নারী-নির্দেশকের সংখ্যা কি আপনার কাছে কম মনে হয়?নারী কেন, আমি তো বলব পুরুষের সংখ্যাও কমে গেছে। একই সঙ্গে মঞ্চে অভিনয় করার মেয়েও কমে গেছে। অনেকেই থিয়েটারে আসে টিভি তারকা হওয়ার আশায়। কোনোমতে থিয়েটারে দু-একটি কাজ করে টিভিতে সুযোগ পেলেই থিয়েটারকে বিদায় জানাচ্ছে। থিয়েটারে অনেক সময় দিতে হয়। থিয়েটারের প্রতি ভালোবাসা থাকতে হয়। এখন যারা আসছে, তাদের মধ্যে সেই বোধ একটু কমই আছে।কিন্তু এখন তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের ওপর পড়ানো হচ্ছে। থিয়েটার শিখে অনেকেই বের হচ্ছে। তারা কেন থিয়েটারে আসছে না?আসছে যে না, তা আমি বলব না। অনেকেই আসছে, আবার চলেও যাচ্ছে। অর্থ, যশ, খ্যাতির পেছনে ছুটতে গিয়ে এরা থিয়েটার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। অন্যদিকে থিয়েটারের মতো কঠিনতম নিয়মের মধ্যে তারা থিয়েটার করছে না।সামনে নতুন কোনো নাটকের নির্দেশনা দিচ্ছেন কি?আমরা দলে নতুন নির্দেশক তৈরির চেষ্টা চালাচ্ছি। এ জন্য নিয়মিত কর্মশালার আয়োজন করে নিজেদের মধ্যে নতুনদের দিয়ে প্রযোজনা তৈরি করছি। সেই প্রযোজনা দলের বড়রা দেখছেন। তা দেখে মান নির্ণয় করে নতুন নতুন নাটক তৈরির পরিকল্পনা করছি। এভাবে আমরা কাজী নজরুল ইসলামের আলেয়া গীতিনাট্য অবলম্বনে দ্রোহ প্রেম ও নারী নামে একটি নতুন প্রযোজনায় হাত দিয়েছি। এটির নির্দেশনা দিচ্ছেন রামিজ রাজু। এখানে আমি অভিনয় করছি।